বাংলাদেশ ডেস্ক: রেমিট্যান্স যোদ্ধাদের জন্য আসছে নতুন সুযোগ। নতুন সরকার শপথ নেয়ার চার দিনের মাথায় সিদ্ধান্ত হলো ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইনভেস্টমেন্ট বন্ডের সুদের হার বাড়ানোর। মূলত বৈদেশিক মুদ্রার জোগান ও প্রবাসীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্স বাড়াতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা এসব বন্ডে বিনিয়োগ বাড়াবেন বলেই বিশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে। প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার পাঠাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে।
অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ২০২১ সালে প্রিমিয়াম বন্ড ও ইনভেস্টমেন্ট বন্ডের সুদের হার কমানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে সুদের হার বাড়ায় বাংলাদেশে বন্ডের সুদের হার তুলনামূলকভাবে কমে গেছে। তাই এ খাতে বিনিয়োগ বাড়াতে সুদের হার বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের সুদের হার ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের প্রথম বছর শেষে ৬ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৭ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৭ দশমিক ৫০ শতাংশ সুদ দেয়া হবে।
১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের প্রথম বছর শেষে ৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৫ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৬ শতাংশ সুদ দেয়া হবে। এছাড়া ৫ লাখ ১ ডলার থেকে এর বেশি অংকের বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৫ শতাংশ সুদ দেয়া হবে।
অন্যদিকে, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদের হার হবে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের প্রথম বছর শেষে ৫ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৬ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৬ দশমিক ৫০ শতাংশ সুদ দেয়া হবে। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের প্রথম বছর শেষে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৫ শতাংশ সুদ দেয়া হবে। এছাড়া ৫ লাখ ১ ডলার থেকে এর বেশি অংকের বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছর শেষে ৩ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৩ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৪ শতাংশ সুদ দেয়া হবে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
কানাডিয়ান এমপি আরিয়ারের সাথে বিএনপি’র বৈঠক