ইউরোপ ডেস্ক: সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ ও মনোবিজ্ঞানী সালেহ আহমদের স্মরণে লন্ডনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে লন্ডন প্রবাসী সৈয়দপুরবাসী নামের একটি সংগঠন। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন মাস্টার সৈয়দ ফররুক আহমেদ।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষক হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক সালেহ আগমেদ। শিক্ষক হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সত্যিকারের মানুষ গড়ার কারিগর।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত অধ্যাপক সালেহ আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, গবেষক ফরিদ আহমেদ রেজা, আহমেদ ময়েজ, সৈয়দ আনাস পাশা, মাশুক ইবনে আনিস, অধ্যাপক সৈয়দ মোয়াজ্জেম হোসেন রওনক, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, অধ্যাপক শেখ সোজা উল্লাহ তালহা, সৈয়দ শাহিন, সোহেল আহমেদ, শেখ রেজওয়ান, সৈয়দ জামিল, সৈয়দ সুমন, রয়েছ মিয়া, সৈয়দ মামুন, মাওলানা সৈয়দ তামিম আহমেদ, সৈয়দ নাসেরসহ আরও অনেকে।
সভা পরিচালনা করেন সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক প্রভাষক সৈয়দ জিয়া শহীদ ও অধ্যাপক সাজিদুর রহমান। শুরুতে কুরআন তেলওয়াত করেন সৈয়দ সজিব আহমেদ। দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ আসরাফ আলী।
উল্লেখ্য, গেল বছরের ১৬ ডিসেম্বর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
স্মর্তব্য, ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে জন্ম হয় অধ্যাপক সালেহ আহমেদের। তিনি চতুর্দশ বিসিএসের ক্যাডার হিসেবে ১৯৯৩ সালে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে যোগ দেন। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে যোগ দেন রাজশাহী সিটি কলেজে। সেখান থেকে পদোন্নতি নিয়ে বিভাগীয় প্রধান হিসেবে আবার ফিরে আসেন এমসি কলেজে।
পরে তিনি এমসি কলেজের ঊপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২৪ আগস্ট তিনি অবসোরত্তর ছুটিতে যান।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
কুয়েত প্রবাসীদের শীতের পিঠা উৎসব