বাংলাদেশ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যরা আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন। একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন। বুধবার শপথ নেবেন ২৯৮ জন। ইতোমধ্যেই নির্বাচিতদের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে একাদশ সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নুর-ই-আলম চৌধুরী বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল (বুধবার) সকাল ১০টা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় থেকেও শপথ অনুষ্ঠানের তথ্য নিশ্চিত করা হয়েছে। সংসদ সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব নাজমুল জানান, বুধবার সকাল ১০টায় নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করছে।
এর আগে রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বাকি ২৯৯ আসনের মধ্যে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। বাকি ২৯৮টি আসনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ভোটের পরদিন সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন জানিয়েছে, ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা জয় পেয়েছেন ২২২টি আসনে। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীরা জয় পেয়েছেন ১১টি আসনে। একটি করে আসনে জয় পেয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থীরা। বাকি ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। আজ মঙ্গলবার নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার কথা নির্বাচন কমিশনের।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে বিজয়ী ঘোষিত প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়। আজ মঙ্গলবার গেজেট প্রকাশ পেলে পরদিনই নবনির্বাচিতরা শপথ নিতে যাচ্ছেন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হলে শপথ নেওয়া বাধ্যতামূলক। সংবিধানের ৬৭ (২) ধারায় বলা আছে, ‘এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।’
এদিকে সংবিধান অনুযায়ী, নতুন এমপিদের শপথ নেওয়ার পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকতে হবে। সে হিসাবে বুধবার এমপিদের শপথ হলে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হবে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যরা বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন। একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন। বুধবার নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নেবেন।
এদিকে, জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছিল তাদের দল থেকে নির্বাচিতরা বুধবার (১০ জানুয়ারি) শপথ নিচ্ছেন না। বৃহস্পতিবার সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের কার্যালয়ে জাপার নির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে বিস্তারিত আলোচনার পর শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় পার্টি। তারাও বুধবারই শপথ নিচ্ছেন।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা
শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন
১২ কোটি ভোটারের প্রায় সবাই নির্বাচন বর্জন করেছে: বিএনপি