Sunday
24 May 2026

সরকারপ্রধান হওয়ার নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

January 8, 2024

বাংলাদেশ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ধরাছোঁয়ারও বাইরে নিয়ে গেলেন নিজের গড়া রেকর্ড। দ্বাদশ নির্বাচনে জয়ের মাধ্যমে টানা চতুর্থবারে মতো সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। আর সব মিলিয়ে তিনি পঞ্চমবারের মতো হবেন সংসদ নেতা তথা সরকারপ্রধান। সংসদের ৩০০ আসনের মধ্যে অন্তত ২২৫টি আসনের প্রতিনিধিত্ব নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই উপভোগ করবেন নয়া সংসদে।

এর আগে কেবল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই পূর্ণ দুই মেয়াদে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া টানা দুইবার দায়িত্ব পালন করেছেন। সবমিলিয়ে তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনা এবার টানা চতুর্থবার সংসদ নেতা হচ্ছেন। ফলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়া হয়। রোববার দিবাগত রাত ৩টার পর ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়, তিন-চতুর্থাংশ মেজরিটি নিয়ে আওয়ামী লীগ দ্বাদশ সংসদে সরকার গঠন করবে।

আওয়ামী লীগের এই বিজয় এবং শেখ হাসিনার পঞ্চমবার সরকারপ্রধান হওয়ার বিষয়টি অবশ্য অনুমিতই ছিল। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ কার্যত অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ভোটে থাকলেও তারা আগের মতোই আওয়ামী লীগের সঙ্গেই আসন সমঝোতা করে।

এ অবস্থায় ২০১৪ সালের নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হবে কি না, সেটিই আওয়ামী লীগের ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। তবে দলীয় প্রধান শেখ হাসিনার এক সিদ্ধান্তে কিছুটা হলেও নির্বাচনের উত্তেজনা ফিরে আসে। বিএনপি না থাকলেও যেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন না হয়, সেটি নিশ্চিত করতে তিনি নিজ দলের নেতাদের ওপরই আস্থা রাখেন। এবারের নির্বাচনে বরাবরের মতোই প্রতিটি আসন থেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন অনেকে। অন্যান্য নির্বাচনে মনোনয়নবঞ্চিতদের দলীয় প্রার্থীর পক্ষে থাকতে সাংগঠনিকভাবে বাধ্য করা হয়। এবারে সে পথে হাঁটেননি শেখ হাসিনা। বরং তিনি ভোটকে সবার জন্য উন্মুক্ত করে দেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সবাইকে গণভবনে ডেকে এক সমাবেশে শেখ হাসিনা বলেন, মনোনয়নবঞ্চিতরা চাইলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এই নির্বাচনে। দলের নেতাকর্মীরাও চাইলে এসব স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন। শেষ পর্যন্ত এই ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হন। তাদের অনেকেই নৌকা বা আসন সমঝোতার লাঙ্গল প্রতীকের প্রার্থীর বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন।

শতাধিক আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে এসব স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল। ভোটের দিনও সেই আভাস খুব মিথ্যা প্রমাণিত হয়নি। শেষ পর্যন্ত ৬২টি আসনেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন দলীয় প্রার্থীকে পরাজিত করে। তাদের মধ্যে হেভিওয়েট বা টানা একাধিক মেয়াদে সংসদ সদস্য থাকা প্রার্থীরাও হেরে গেছেন। জাতীয় নির্বাচনে এত বেশি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করারও রেকর্ড হয়েছে এবার।

নির্বাচন কমিশনের হিসাব বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে নির্বাচনে সহিংসতা বা অনিয়মের অভিযোগ খুব একটা পাওয়া যায়নি। বিদেশি পর্যবেক্ষক যারা বিভিন্ন এলাকায় কেন্দ্র পরিদর্শন করেছেন, তারাও ভোট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাননি। সব মিলিয়ে দলীয় নেতাদেরই পরস্পরের বিরুদ্ধে লড়তে দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। বিএনপিসহ বিরোধী দলগুলোর ভোট বর্জন সত্ত্বেও তাই এই নির্বাচন আগের নির্বাচনের তুলনায় গ্রহণযোগ্য হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও নির্বাচন নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করাতে বাধ্য করা বা ভোটার নিয়ে আসা নির্বাচন কমিশনের কাজ নয়। তাদের কাজ সুষ্ঠুভাবে ভোট আয়োজন করা, যেন কোনো অনিয়ম না হয়। এই নির্বাচনে তিনি সন্তুষ্ট। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে এই নির্বাচন তারই উদাহরণ— এমনটিই বলেছেন সিইসি।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি মাহি

এক মাসে রিজার্ভ বাড়লো ২ বিলিয়ন ডলার

অ্যাডিনো ভাইরাসের নয়া প্রজাতি, ছড়িয়ে পড়ছে ভারতজুড়ে

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে

প্লে-ব্যাক সিঙ্গার অনিমা নাম লেখালেন সাংবাদিকতায়