এশিয়া ডেস্ক: পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করেছে পাকিস্তান। তবে তাদের সদস্যপদ পাওয়া কঠিন করে তুলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ব্রিকসের উদ্যোক্তা দেশগুলোর অন্যতম সদস্য ভারত। এছাড়াও এই জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা।
গেল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুমতাজ জাহরা বালুচ তাদের আবেদনের তথ্যটি জানিয়েছেন।
মুমতাজ জাহরা ব্রিকসকে উন্নয়নশীল দেশগুলোর গুরুত্বপূর্ণ জোট হিসেবে আখ্যায়িত করেন। বলেন, এ জোটের অন্তর্ভূক্ত হতে পাকিস্তান আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, আমাদের বিশ্বাস, ব্রিকসে যোগদানের মধ্যদিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং বহুপক্ষীয় অংশগ্রহণকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে পাকিস্তান।

ব্রিকসের উদ্যোক্তা পাঁচ দেশ
এ সময় তিনি প্রত্যাশা করেন, বহুপক্ষীয় অংশগ্রহণের বিষয়ে ব্রিকস যে অঙ্গীকার করেছে তার সাথে সঙ্গতি রেখে পাকিস্তানের বিষয়টি বিবেচনা করবে।
নাম উল্লেখ না করে ভারতের সাথে তাদের বৈরিতার ইঙ্গিত দিয়ে মুমতাজ দাবি করেন, ব্রিকসের বেশির ভাগ সদস্য দেশের সাথে পাকিস্তানের উষ্ণ সম্পর্ক রয়েছে।
চলতি বছর পাকিস্তান সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারপারসন মুশাহিদ হুসেন সাইদ দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে নেতৃত্ব সম্মেলনের ফাঁকে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মুশাহিদ বলেন, আঞ্চলিকতাবাদের দিকে যাচ্ছে বিশ্ব। এখন দেশগুলো পরস্পরের সঙ্গে সংযোগ গড়ে তোলার জন্য একে অপরকে সহযোগিতা করছে।
ব্রিকসে যোগদানের জন্য পাকিস্তান সরকার যে উদ্যোগ নিয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন মুশাহিদ হুসেন সাইদ।
গত আগস্টে ব্রিকসের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সম্মেলনে জানানো হয়, অন্তত ৪০টি দেশ এই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। তিন দিনের সম্মেলন শেষে ঘোষণা করা হয় আগামী বছর মিসর, ইথিওপিয়া, আর্জেন্টিনা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরান এই জোটে যোগ দিবে।
সদস্যপদ পেতে পাকিস্তানকে বেগ পেতে হবে
পাকিস্তানের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষক মুহাম্মদ ফয়সাল মনে করেন, পাকিস্তান ব্রিকসে যোগ দিতে চাইলেও কাজটি তাদের জন্য সহজ হবে না। তিনি বলেন, পাকিস্তানের সামনে যে পথটি খোলা রয়েছে তা চ্যালেঞ্জের এবং দীর্ঘ প্রক্রিয়ার। নতুন সদস্যপদ দেয়া নিয়ে প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় রাজনীতি আছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের বিষয়টি ভারতের বিরোধিতার সাথে জড়িত। ভারত-চীন সম্পর্ক কেমন যাচ্ছে তার ওপরই ভারতের বিরোধিতার বিষয়টি নির্ভর করবে।
পাকিস্তানের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারপারসন মুশাহিদ হুসেন সাঈদ ভারতের অবস্থানের ব্যাপারে আক্ষেপ করেছেন। বলেছেন, ক্রিকেট, কূটনীতি কিংবা রাজনীতি… যা-ই হোক না কেন, ভারত সব সময় প্রতিবন্ধকতা তৈরি করে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে ভারত বৃহত্তর গ্লোবাল সাউথের অংশ না হয়ে মার্কিন কিংবা ইসরায়েলি শিবিরের দিকে ঝুঁকছে।
এনআরবি৩৬৫/এএমটি/কিউটি
আরও খবর পড়ুন:
দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশিকে সনাক্ত করার আহবান
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার
ফিজিতে কর্মী নিয়োগ, আবেদন চলতি মাসেই
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের নতুন সংগঠন ‘জিবিএ’
বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন প্রায় দেড় কোটি বাংলাদেশি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]