বাংলাদেশ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি।
দলের মনোনয়ন না পেলেও এখন স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যাচ্ছেন মাহি। রাজশাহী-১ আসনের প্রার্থী হতে সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেখানে জাতীয় পরিচয়পত্র অনুসারে প্রার্থী হিসেবে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা। মনোনয়নপত্র তোলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
তিনি বলেন, আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চেয়েছিলাম। এ জন্য দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারেনি। এ জন্য অবশ্য আমার মনে কোনও কষ্ট নেই। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারাও মনোনয়ন পাবার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখানে আমার কোনও খারাপ লাগার বিষয় নেই। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাচ্ছি।
মাহি বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি, যা বিশ্ববাসী দেখবে। আশা করছি, এলাকার ভোটাররা আমার সাথে থাকবেন।
চিত্রনায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানার বাড়ি পাশের উপজেলা রাজশাহীর তানোরে। নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসন। অন্যদিকে তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসন। এই দুই আসনের যে কোনও একটিতে নির্বাচন করতে কিছুদিন ধরে তিনি মাঠে রয়েছেন। তবে শেষ পর্যন্ত রাজশাহী-১ আসনেই প্রার্থী হতে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। মাহি জানিয়েছেন, এই একটি আসন থেকেই তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। ২০০৮ সাল থেকেই তিনি এ আসনের এমপি।
এনআরবি৩৬৫/এএমএম
আরও খবর পড়ুন:
প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান
ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স
ছোটবোন রেহানার পরামর্শে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী
টরেন্টোতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]