বাংলাদেশ ডেস্ক: ময়মনসিংহ-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নিতে ২০১৬ সালে মনোনয়নপত্র কিনেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমও কিনেছিলেন ৩০ হাজার টাকা খরচ করে। মনোনয়ন না পাওয়ায় কোনোবারই নির্বাচন করা হয়ে ওঠেনি একসময় বামধারার ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত থাকা জ্যোতির। এবার আর মনোনয়ন ফরম তোলেননি তিনি।
এবার মনোনয়ন ফরম না তোলা প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছেন, আপাতত নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই তার। সে কারণেই এবার ফরম তোলেননি।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম না তোলা প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেছিলেন, ‘আমি মনে করি, রাজনীতিতে আমার এখনও অনেক কিছুই দেয়ার বাকি। এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলছি না। তবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় থাকছি। এরই মধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি।’

জ্যোতিকা জ্যোতির ফাইল ছবি। ফেসবুক থেকে সংগৃহীত।
এনআরবি৩৬৫-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য, যা জ্যোতির বক্তব্যের সাথে একেবারেই মেলে না। মূলত পেশাগত কারণে জ্যোতির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। চলতি বছরের ১৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, আগামী দুই বছরের চুক্তিতে জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২ এর বিধি-৩(ঘ) অনুযায়ী অভিনয়শিল্পী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দেয়ার আগে জ্যোতি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। সেই পদে তিনি ইস্তফা দিয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদ থেকে তার পদত্যাগ করার কথা। কিন্তু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময় তার দেয়া তথ্য, ‘আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় থাকছি। এরই মধ্যে দলের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছি।’ এ তথ্য যদি সঠিক হয় তবে তিনি চাকুরিবিধি লঙ্ঘন করছেন।
মূলত জ্যোতিকা জ্যোতি জাতীয় নির্বাচনে অংশ নিলে তাকে শিল্পকলা একাডেমির পরিচালক পদ থেকে পদত্যাগ করে আসতে হতো। রাষ্ট্রের এই লাভজনক পদটি তিনি হারাতে চাননি বলেই এবার নিজেকে নির্বাচন থেকে দূরে রেখেছেন।
এনআরবি৩৬৫/এএমএম
আরও খবর পড়ুন:
যে কারণে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি
পোস্টাল ব্যালটে ভোট: স্পেনে দূতাবাসের গণবিজ্ঞপ্তি
ব্রিকসের সদস্যপদ চায় পাকিস্তান, বাঁধা ভারত
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব বৈঠক: আলোচনার টেবিলে রোহিঙ্গা ও তিস্তার পানি
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]