বাংলাদেশ ডেস্ক: বর্ষিয়ান রাজনীতিক আমির হোসেন আমুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমুর বিরুদ্ধে অভিযোগ… তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতেই তাকে তলব করেছে ইসি।
১৫ ডিসেম্বর বিকাল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তাকে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে।
৮ ডিসেম্বর বেলা ১১টা ও বিকাল সাড়ে ৩টায় নির্ধারিত দুইটি সভায় আমির হোসেন আমুর উপস্থিতির বিষয়ে জারি করা ভ্রমণসূচির কথা ইসির দেয়া চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, ঝালকাঠি জেলা পাকহানাদার মুক্তি দিবস উদযাপন উপলেক্ষ্যে জেলার নলছিটি উপজেলা পরিষদ হলরুম এবং ঝালকাঠি পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই দুইটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
উল্লিখিত ভ্রমণসূচির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, ঝালকাঠি ও রিটার্নিং অফিসার আপনাকে (আমির হোসেন আমু) জানিয়েছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। অধিকসংখ্যক মানুষের উপস্থিতিতে আলোচনাসভা হলে তা জনসভায় পরিণত হতে পারে এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর লঙ্ঘন হতে পারে। আচরণবিধি লঙ্ঘন না হলেও এ ধরনের জনসমাগম গণমাধ্যমের কাছে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
ইসি জানায়, আপনি ওই জনসভায় বক্তৃতা দিয়েছেন এবং আপনার পক্ষে ভোট চেয়েছেন। যার ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। উল্লিখিত কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮- এর পরিপন্থী।
আচরণ বিধিমালার বর্ণিত বিধান লঙ্ঘনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১ (ঙ) অনুযায়ী প্রার্থীর প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আপনাকে ইতোপূর্বে অবহিত করা সত্বেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনি প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশন ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আপনাকে উল্লিখিত স্থান, তারিখ ও সময়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বর্ণিত বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এনআরবি৩৬৫/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার
বাংলাদেশি শ্রমিকের বাড়িতে সৌদি মালিক