Saturday
02 May 2026

রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৮ জন আটক

November 21, 2023

ইউরোপ ডেস্ক: ১৮ জন অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছেন সিরিয়া, নেপাল ও মরক্কোর নাগরিক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২৩) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমানিয়ার আরাদ অঞ্চলের নাদলাক-২ সীমান্ত পয়েন্ট থেকে ১৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তারা বেআইনিভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন।

বিবৃতিতে বলা হয়, আটককৃতরা একটি ভ্যানে লুকিয়ে অনিয়মিত পথে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছিলেন। তুরস্কে নিবন্ধিত ভ্যানটির চালক জার্মান নাগরিক। তিনি সীমান্তে পৌঁছে তুরস্ক-জার্মানি রুটে টেক্সটাইল পণ্য পরিবহনের কথা জানিয়েছিলেন। চালকের অতীত রেকর্ড ও পণ্যের বর্ণনা শুল্ক ও সীমান্ত কর্মকর্তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। ফলে তারা গাড়ি তল্লাশী করার সিদ্ধান্ত নেন।

তল্লাশির সময় গাড়ির ভিতরের একটি কার্গোতে ১৮ জন বিদেশি নাগরিককে পাওয়া যায়। তাদের পুলিশ ও অভিবাসন সদর দপ্তরে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিবাসীরা বাংলাদেশ সিরিয়া, নেপাল ও মরক্কোর নাগরিক। তারা ভিসা নিয়ে রোমানিয়া এসেছিলেন।

সীমান্ত পুলিশ গাড়ি চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। এছাড়া গাড়ির ভিতরে লুকিয়ে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টার দায়ে বিচারিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তাদের ভিসা অথবা রেসিডেন্স পারমিট বাতিল করে নিজ দেশে ফেরত যাওয়ার নোটিশ জারি করা হবে।

সংবাদ সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এনআরবি৩৬৫/এএমএটি

 আরও পড়ুন: 

ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স

বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন প্রায় দেড় কোটি বাংলাদেশি

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]