Wednesday
29 April 2026

সিডনি প্রবাসী লেখক আরিফ পেলেন বেস্টসেলার পুরস্কার

December 23, 2023

ওশেনিয়া ডেস্ক: সিডনি প্রবাসী লেখক আরিফুর রহমান পেলেন বেস্টসেলার পুরস্কার। অনলাইন বুক সেলার পোর্টাল ‘বইফেরী’ তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই পুরস্কার দিয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে গেল বছরের বেস্ট সেলার লেখক, বই ও প্রকাশকদের পুরস্কৃত করা হয়। সৃজনশীল বিভাগে ‘আমাদের ঠিকানা বদলে গেছে’ উপন্যাসের জন্য আরিফুর রহমান এই পুরস্কার পেলেন। মা ও বড়ভাই সিডনি প্রবাসী লেখকের পক্ষে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী আনিসুল হক। অতিথি ছিলেন ছড়াকার আনজীর লিটন, কথাসাহিত্যিক মোহিত কামাল, লেখক অরুণ কুমার বিশ্বাস ও খুরশীদ আলম। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন বইফেরীর স্বত্বাধিকারী রাশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, একজন সাহিত্য পড়া মানুষ কখনোই অ্যাটম বোমার স্যুইচে হাত দিতে পারবেন না। এসময় তিনি তার মা উপন্যাসের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সৃজনশীল ও মনন বিভাগে লেখক হিসেবে পুরস্কার দেয়া হয় মোশতাক আহমেদ, ইকবাল বাহার, লতিফুল ইসলাম শিবলী, ওয়াহিদ তুষার, গাজী মিজানুর রহমান, মুহম্মদ আনোয়ার হোসেন ফকির। একই বিভাগে বই হিসেবে পুরস্কার পেয়েছে আমাদের ঠিকানা বদলে গেছে, একজন তারা মিয়া, লাভ ইট অর লিভ ইট, বক্তৃতা দিতে শিখুন, স্বপ্ন ও সফলতা এবং পাসপোর্ট টু গ্রামার। এছাড়া ইসলামিক ও অনুবাদ বিভাগে পুরস্কার পেয়েছেন আরিফ আজাদ, ডা. শামসুল আরেফীন, মিরাজ রহমান, অনীশ দাস অপু, পিতম মুজতাহিদ এবং এ এস এম রাহাত।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

ওমানে ব্যবসা করতে আকামার আর প্রয়োজন নেই

আবুধাবী প্রবাসী জামাল সিআইপি নির্বাচিত হলেন

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ