ইউরোপ ডেস্ক (স্পেন): স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার বাংলাদেশ বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
রোববার শহরের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ উৎসবটি ছিল বাংলাদেশি সংস্কৃতির এক অপূর্ব উপস্থাপনা।
অনুষ্ঠানে প্রায় ২০ ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং পরিবেশন করা হয়। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, নারকেল পুলি এমন নানা রকমের পিঠা ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল জমজমাট। স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় আধুনিক, লোকসংগীত এবং নৃত্য দর্শকদের মুগ্ধ করে। এসময় মঞ্চ মাতিয়ে রাখেন ইংল্যান্ড থেকে আগত সংগীতশিল্পী সাজ্জাদ নূর এবং কানাডা থেকে আগত আশরাফুল পাভেল।
আয়োজক সংগঠনের সভাপতি শিউলি আক্তার, সিনিয়র সভাপতি খাদিজা আক্তার মনিকা, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগারের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের অন্য নেতাদের মধ্যে সহযোগিতায় ছিলেন উপদেষ্টা নাজমা জামাল, জান্নাতুল ফেরদৌস নুপুর, জেমি আহমেদ, লাবিবা আক্তার, হীরা জামানসহ অন্যরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউসসহ কমিউনিটির সাংবাদিক, ব্যবসায়িক, সামাজিক এবং রাজনৈতিক নেতারা।
আয়োজক কমিটির সভাপতি শিউলি আক্তার বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে থেকেও আমাদের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে এ বিষয়ে জানানো।
দর্শনার্থী মোস্তাক আলী জানান, দেশের পরিবেশ ও সংস্কৃতি থেকে দূরে থাকলেও এ ধরনের উৎসব আমাদের বাংলাদেশের আবহ ও স্বাদ এনে দেয়। এটি আমাদের শেকড়ের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। এটা কেবল একটি আয়োজন নয়, বরং প্রবাসীদের মিলনমেলার এক গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠান শেষে আয়োজকরা আগতদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামী বছর পিঠা উৎসব আরও বড় আকারে আয়োজন করার পরিকল্পনার কথা জানান।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: