বাংলাদেশ ডেস্ক: জুলাই মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে বিদেশে যারা বিক্ষোভ করেন তাদের মাঝে চেক হস্তান্তরের অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। হট্টগোল করা দুবাইফেরত প্রবাসীরা অভিযোগ করেন, সেই সময় দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের কারণে বেশিরভাগ প্রবাসী গ্রেফতার ও সাজা ভোগ করেন।
বিক্ষোভকারীদের ‘বিপ্লবী প্রবাসী’ হিসেবে চিহ্নিত করা হয় অনুষ্ঠানে। তারা বিএম জামাল হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানোর সময় এমন পরিস্থিতি তৈরি হয়। এ সময় উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
২৮ ডিসেম্বর শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে চেক হস্তান্তর অনুষ্ঠানটি ছিল। অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয় প্রবাসে কারাভোগ করে দেশে ফেরা বিপ্লবী প্রবাসীরা।
দুবাই ফেরত প্রবাসীরা অভিযোগ করেন, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জুলাই আন্দোলনের সময় আমিরাত সরকারের কাছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। প্রবাসীদের বিক্ষোভকে আমিরাত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বলে মিথ্যাচার করেছিলেন জামাল হোসেন। তাই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান দেশে ফেরত প্রবাসীরা।
উল্লেখ্য, জুলাই মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে তারা বিক্ষোভ করেছিলেন। এদের কয়েকজনের যাবজ্জীবন সাজাও হয়েছিল। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে আমিরাত সরকার গ্রেফতার হওয়া প্রবাসীদের মুক্তি দেয়।
বিক্ষোভকারীরা জানান, আমিরাতের কারাগারে এখনও অনেক বিপ্লবী প্রবাসী রয়েছেন। তাদের মুক্ত করতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়াও সৌদি আরবসহ অন্যদেশের বিপ্লবী প্রবাসীদের তালিকাভূক্ত করে আর্থিক সহায়তা দেয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের ঢিলেঢালা ভাব রয়েছে বলে অভিযোগ করা হয়।
শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরা ১৮৬ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়। সূত্র: প্রবাস বার্তা।
এনআরবি৩৬৫/এএমএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়ুন:
প্রতারণা থেকে বাঁচতে সৌদি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস