বাংলাদেশ ডেস্ক: প্রবাসে কেউ মারা গেলে তার মরদেহ আনতে বিশাল অংকের টাকা খরচ করতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই টাকা সংগ্রহ করা হয় অন্য্ন্য প্রবাসীদের কাছ থেকে চাঁদা তুলে। অনেক সময় অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে মরদেহ মর্গে রাখতে হয় দিনের পর দিন। এমন অবস্থা বিবেচনায় নিয়ে প্রবাসীদের মরদেহ আনার খরচ কমিয়েছে বাংলাদেশ বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আগে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনা হতো। কোভিড-১৯ এর কারণে লোকসান হচ্ছে… এমন কারণ দেখিয়ে ২০২০ সালের ৩১ মে থেকে এই সেবা বন্ধ করা হয়। এতে সংকটে পড়েন মধ্যপ্রাচ্যে মারা যাওয়া প্রবাসীদের পরিবার ও স্বজনেরা। তাদের কথা বিবেচনা করে চলতি মাস থেকে সেই খরচ কমানো হয়েছে।
বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, কুয়েত থেকে একজন প্রবাসীর মরদেহ দেশে আনতে এতোদিন টিকেটের মূল্য ছিল ২৫৫ দিনার বা বাংলাদেশি ৯১ হাজার ৩৮৬ টাকা। বর্তমানে তা কমিয়ে ১৭৫ দিনার বা ৬২ হাজার ৭১৬ টাকা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বা সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকেটের মূল্য ছিল ২৭৫ দিনার বা ৯৮ হাজার ৫৫৪ টাকা, বর্তমানে করা হয়েছে ১৯০ দিনার বা ৬৮ হাজার ৯২ টাকা।
কুয়েতে কর্মরত বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিক জানিয়েছেন, অনেকে মরদেহ পরিহনের খরচ কমানোর অনুরোধ করেছিলেন, তা হেড অফিসে জানাই। এই আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে হেড অফিস।
কুয়েত প্রবাসীরা বিমানের এ সিদ্ধান্তে খুশি। তবে অধিকাংশ প্রবাসীই মনে করেন মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে নেয়ার ব্যবস্থা করা দরকার। কারণ, কুয়েতে যারা কাজ করেন তারা অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। তাই তারা মারা গেলে ঘরে ঘরে গিয়ে চাঁদা তুলে মরদেহ দেশে পাঠাতে হয়।
অনেকেই বলছেন, দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীরা কষ্ট করছেন। তাই তাদের মরদেহ বিনামূল্যে দেশে মরদেহ নেয়ার ব্যবস্থা নেয়া দরকার।
উল্লেখ্য, বিশ্বের ১৭৪টি দেশে প্রায় ১ কোটি ৫৫ লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করছেন।
এনআরবি৩৬৫/এএমএটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]