Wednesday
03 June 2026

আমিরাতে পিঠা উৎসবে প্রবাসীদের ঢল

January 22, 2024

বাংলাদেশ ডেস্ক: জমজমাট আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ‘প্রবাসী পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আমিরাতের শারজায় বাংলাদেশ সমিতির হলরুমে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে শারজাহসহ আমিরাতের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসীদের ঢল নেমেছিল।

প্রবাসে দেশের ঐতিহ্য তুলে ধরতে এই পিঠা উৎসবের আয়োজন করে আমিরাত সংবাদ পাঠক ফোরাম। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই উৎসব। বিকেল থেকে পিঠা উৎসবে নারী পুরুষ ও শিশুদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

নানা রকমের বিভিন্ন রঙের গরম ও শীতের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। নানা রকমের নকশি পিঠা দিয়েও সাজানো হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। পিঠার মধ্যে ছিল দুধ চিতই, রস মঞ্জুরি, ঝাল পাটিসাপটা, খলা ঝালি পিঠা, নারকেল নাড়ু, পাটিসাপটা, বাশবোশা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারকেল পিঠা, নোনাস পিঠাসহ বিভিন্ন বাহারী নামের ও রকমের পিঠা পরিবেশন করা হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন।

উৎসব শেষে র‍্যাফেল ড্র এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, বাংলাদেশ সমিতি দুবাই সভাপতি অধ্যাপক আবদুস সবুর, আমিরাত সংবাদ পাঠক ফোরামের উপদেষ্টা কামাল হোসেন সুমন, আমিরাত সংবাদ পোর্টালের সম্পাদক ইসমাইল, প্রেস ক্লাব ইউএই যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সদস্য জাসেদুল ইসলামসহ অন্যরা।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]