Saturday
18 April 2026

বাংলাদেশে তৈরি পোশাক সরাসরি আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান

April 8, 2024

বাংলাদেশ ডেস্ক: ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক (আরএমজি) পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা-কে পরামর্শ দিয়ে বলেন, ‘বাংলাদেশ থেকে আরএমজি পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রপ্তানি করা হচ্ছে। কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আরএমজি পণ্য আমদানি করলে এটি আরও সাশ্রয়ী হবে।’ এসময় সফররত পররাষ্ট্রমন্ত্রী রিও ডি জেনিরোতে ২৪ জুলাই জি-২০ টাস্ক ফোর্সের চূড়ান্ত বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন, যা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পাঠিয়েছেন। এবারের বৈঠকে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট গঠনের কথা রয়েছে।

সোমবার সকালে ব্রাজিলের সফররত পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

সোমবার (৮ এপ্রিল) সকালে ব্রাজিলের সফররত পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় শেখ হাসিনা এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ব্রাজিলের দিকে ঝুঁকছে। তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নিশ্চিত করতে ব্রাজিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরো পণ্য আমদানি করতে পারে। সরকার প্রধান বলেন, বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত চিনি, সয়াবিন তেল ও তুলা আমদানি করে।

মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বলেন, ব্রাজিল উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।

ব্রাজিলের মন্ত্রী বলেন, ব্রাজিল ও বাংলাদেশের জনসংখ্যা সমপরিমাণ এবং উভয় দেশ ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে কাজ করে যাচ্ছে। তিনি গাজা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে বলেন, তার দেশও গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে।

গাজা ইস্যুতে শেখ হাসিনা বলেন, ‘নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও ইসরায়েলি হামলা থেকে রেহাই পাননি।’
প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭২ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত তার দেশের জাতীয় ফুটবল দলের জার্সিও প্রধানমন্ত্রীকে উপহার দেন।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস ৩৩০

সোমালি জলদস্যুদের বিরুদ্ধে সামরিক অভিযানে রাজি নয় মালিকপক্ষ

মুক্তিযুদ্ধের প্রকল্প বানিয়ে দুই কিশোরীর পদক জয়

মার্কিন জাতীয় নিরাপত্তা শিক্ষা বোর্ডে বাংলাদেশি ওসমান সিদ্দিক

টরন্টোর বাঙালি পাড়ায় বৈশাখের আমেজ