Sunday
15 February 2026

মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়তে হবে

March 6, 2025

সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহবান

বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পতাকা উত্তোলন ও লাল পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর জুলাই আন্দোলনের পরও দেশ শোষণ ও বৈষম্য মুক্ত হয়নি। সামাজিক নিরাপত্তা, মানুষের জান-মালের নিরাপত্তা, কাজের নিরাপত্তা এখনও অধরা। অন্তর্বর্তী সরকারের আমলে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে কিন্তু নতুন শিল্প কারখানা গড়ে উঠেনি, দ্রব্যমূল্য লাগাম ছাড়া। একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি মাথা চাড়া দিয়েছে। এভাবে চলতে দেয়া যায় না। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এইদিনে শপথ নিয়ে নতুন গতিতে দেশ গড়ার কাজে বামপন্থীদের ঝাপিয়ে পড়তে হবে। মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়তে হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সিপিবির সূত্রাপুর থানা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় রাজধানীর সূত্রাপুরের লোহারপুল এলাকায়৤ সকাল ৮টায় সূত্রাপুর থানা সভাপতি বিকাশ সাহা সমাবেশে সভাপ্রধান ছিলেন৤ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা জাহিদ হোসেন খান, যুবনেতা আনোয়ার হোসেন, ৪৫-৪৬ নং ওয়ার্ড শাখার সম্পাদক হামিদুর রহমান ইকবাল, শ্রমিক নেতা পরেশ চন্দ্র মজুমদার, সাবেক ছাত্রনেতা দীপক শীল।
জাহিদ হোসেন খান বলেন, সিপিবির ইতিহাস লড়াই সংগ্রাম আর ত্যাগের ইতিহাস। যতদিন শোষণ-বৈষম্য সমাজ থেকে বিতাড়িত না হবে ততদিন কমিউনিস্টদের সংগ্রাম চলবে। তিনি বলেন, পার্টি প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তানের সাম্প্রদায়িক-সামন্তবাদী শাসকগোষ্ঠী কমিউনিস্ট কর্মীদের ওপর হত্যা, নির্যাতন, জেল-জুলুম-হুলিয়ার খড়গ চালায়। হাজার হাজার কমিউনিস্টকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। তা সত্ত্বেও তেভাগা, নানকার, টংকসহ কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের পাশাপাশি দেশ গঠনে কাজ করেছে কমিউনিস্ট পার্টি।
সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা। জনগণের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। সিপিবি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রামে অবিচল থেকে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। তিনি বলেন, ১০০ বছর ধরে এই উপমহাদেশে কমিউনিস্টরা ভয়-ভীতি, জুলুম-নির্যাতন উপেক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছে। বামপন্থীরা জনগণের প্রকৃত মিত্র।
কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার ভিতর দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
এনআরবি৩৬৫/এএমএম/আরএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:

বিমান বাংলাদেশের অনলাইন টিকিট কেনা সহজ হলো

মালয়েশিয়ায় ১ সপ্তাহে দূতাবাসের ১০ হাজার পাসপোর্ট বিতরণ

ড্যাফোডিল ইউনিভার্সিটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


সন্ত্রাসবাদী তৎপরতায় রোমান্টিক উত্তেজনা সৃষ্টি হয়