Saturday
18 April 2026

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শাণিত করার আহবান

March 8, 2025

বাংলাদেশ ডেস্ক: বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বাংলা গণমুখী সাহিত্যের অমর স্রষ্টা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ সোমেন চন্দকে। প্রগতি লেখক সংঘ ও রেল শ্রমিক আন্দোলনের বিপ্লবী নেতা সোমেন চন্দের শহীদ হওয়ার স্থানে তাকে স্মরণের মধ্য দিয়ে শপথ নেয়া হয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শাণিত করার।
শনিবার ৮ মার্চ সকালে রাজধানীর হৃষিকেশ দাস রোডে কদমতলায় ফুলেল শ্রদ্ধা ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সোমেন চন্দের ৮৩তম শহীদ দিবস পালন করা হয়৤ ১৯৪২ সালের ৮ মার্চ রেল বিশ্বযুদ্ধবিরোধী সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়ার সময় উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিস্ট চক্র তাঁকে কুপিয়ে হত্যা করে।
শহীদ সোমেন চন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সূত্রাপুর থানা কমিটি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘ, সোমেন-তাজুল পাঠাগারসহ বিভিন্ন সংগঠন।
সংক্ষিপ্ত স্মরণসভাযর সঞ্চালনায় ছিলেন সিপিবি সূত্রাপুর থানার সভাপতি বিকাশ সাহা৤ সোমেন চন্দের কর্মময়জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন লেখক, সাংবাদিক ও গবেষক রহমান মুস্তাফিজ, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সিপিবি সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানসহ অন্যরা।
আলোচকরা বলেন, বিপ্লবী সোমেন চন্দ মাত্র বাইশ বছরের জীবনে গণসাহিত্য ও গণআন্দোলনের যে মেলবন্ধন রচনা করেছেন তা নজিরবিহীন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আর গণমানুষের মুক্তি আন্দোলন তাঁকে গণসাহিত্যমুখী করেছে নাকি গণসাহিত্য রচনা করতে যেয়ে তিনি সাধারণের দুঃখ-দুর্দশা লাঘবের সংগ্রামে সম্পৃক্ত হয়েছিলেন তা গবেষণার বিষয়। সোমেন চন্দ সমাজে বিপ্লবী রূপান্তরের কাজ করেছেন। তিনি সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনন্য নজির স্থাপন করেছেন।
কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মাধ্যমে বিপ্লবী সোমেন চন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।
এনআরবি৩৬৫/কিউএএম/আরএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]