Tuesday
26 May 2026

বাংলাদেশের লুনা মরণোত্তর ‘নির্বাচনী পুরস্কার’ পেলেন

November 18, 2023

ইউরোপ ডেস্ক: লুনা শামসুদ্দোহা মরণোত্তর আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার ‘মেরিটোরিয়াস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তথ্য-প্রযুক্তি খাতের অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন তিনি। বাংলাদেশে ছবি ও আঙুলের ছাপসহ ভোটার তালিকা প্রণয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পর্তুগীজ নির্বাচন কমিশন এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ (আইসিপিএস) এই পুরস্কার প্রদান করে।

১৫ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে ২০২৩ সালের আন্তর্জাতিক নির্বাচনী পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে লুনা শামসুদ্দোহার একমাত্র মেয়ের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

আইসিপিএস-এর প্রধান নির্বাহী ম্যাট গোখুলের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল আন্তর্জাতিক নির্বাচনী পুরস্বকার-২০২৩ বাছাইয়ের কাজ করেছে। এই প্যানেলে আরও ছিলেন পর্তুগীজ জাতীয় নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট সোরেতো দি ব্যারোস, ভারতের সাবেক সিইসি নাসিম জাহিদী, মার্কিন নির্বাচন সহায়তা কমিশনের সদস্য টমাস হিকস, ইলেক্টোরাল সাইকোলজি অবজারভেটরির ডিরেক্টর মাইকেল ব্রুটার, মেক্সিকোর ফেডারেল জুডিশিয়ারির ইলেক্টোরালের সাবেক ডিরেক্টর আলবার্তো গুয়েভারা, ইলেক্টোরাল ইন্টিগ্রিটি প্রজেক্টের ডিরেক্টর টবি জেমস, দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের পিফ ইলেক্টোরাল অফিসার জন হলিন্স, অন্টারিওর সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা সাই মামাবোলো, লিথুনিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান লরা মাতজোসাইটে এবং সেন্টার ফর ইলোক্টোরাল সিস্টেমস ডেভেলপমেন্ট, রিফর্মস অ্যান্ড ট্রেনিং অব জর্জিয়ার ডিরেক্টর নাতিয়া জালিশভিলি।

অনুষ্ঠানে পর্তুগীজ জাতীয় নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট সোরেতো দি ব্যারোস-সহ বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের শীর্ষ স্থানীয় কর্মকর্তা এবং ভারতের সাবেক সিইসি নাসিম জাহিদী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইসিপিএস-এর পক্ষ থেকে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনায় অবদান রাখার জন্য লুনাকে এই পুরস্কার দেয়া হলো। নির্বাচন ব্যবস্থাপনায় তার অবদান ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, লুনা শামসুদ্দোহা ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান। তিনি ২০০৮ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ছবি ও আঙুলের ছাপসহ ভোটার তালিকা নিবন্ধনে ব্যবহৃত সফটওয়্যার উদ্ভাবনে যুক্ত ছিলেন।

এনআরবি৩৬৫/এএমটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]