Saturday
18 April 2026

আমিরাতে ক্ষমা পাওয়া ৭৫ বাংলাদেশির ২৪ জন দেশে ফিরছেন আজ

December 2, 2024

এশিয়া ডেস্ক (সংযুক্ত আরব আমিরাত): বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ প্রবাসীকে শুক্রবার (২৯ নভেম্বর) ক্ষমা ঘোষণা করেছে আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি। এদিকে ক্ষমা পাওয়াদের মধ্যে ২৪ জন আজ সন্ধ্যায় দেশে ফিরছেন।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রেস উইং আরিফ রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সোমবার আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিট) আবুধাবি থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে রওনা হবেন প্রবাসীরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফিরছেন যে ২৪ জন– মুহাম্মদ সজিব-কুমিল্লা, আলি আহমদ-নোয়াখালী, শাহাবুদ্দিন-কুমিল্লা, মুহাম্মদ ছগির আহমেদ তালুকদার-হবিগঞ্জ, লোকমান হোসেন-নোয়াখালী, মুহাম্মদ নুর হোসেন খোকন-চট্টগ্রাম, রাকিবুল ইসলাম-মানিকগঞ্জ, আহসান হাজারি-কুমিল্লা, মুহাম্মদ দুলাল মিয়া ওয়াসিম-কুমিল্লা, নাজির হোসেন-কুমিল্লা, মুহাম্মদ সাইফুল ইসলাম-শরিয়তপুর, মুহাম্মদ মফিজ আহমদ-কুমিল্লা, মুহাম্মদ সাখাওয়াত হোসেন-ফেনী, মুহাম্মদ আবু ইয়াছিন তুহা-চট্টগ্রাম, শিপন আহমেদ-মৌলভীবাজার, তোফাজ্জল হোসেন-হবিগঞ্জ, মুহাম্মদ ইয়াছিন আনোয়ার-নোয়াখালী, আনোয়ার-কুমিল্লা, মুহাম্মদ আল আমিন-ময়মনসিংহ, মাইদুল ইসলাম-সিলেট, সাহিদ মিয়া-টাঙ্গাইল, মুহাম্মদ সাজিদুল রহমান-মৌলভীবাজার, হৃদয় হাসান-শরীয়তপুর ও মুহাম্মদ নাবিদুল ইসলাম-ফটিকছড়ি।

গত শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত।

তিনি বলেন, এ ইস্যুতে আমিরাতে আর কোনও বাংলাদেশি গ্রেফতার নেই।

তার আগে গত ৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশজুড়ে ছিল ৫৭ বাংলাদেশির শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা এ সুখবরটি পেয়েছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়ুন:

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধের গুজব

আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ আরও দুই মাস বাড়লো