এশিয়া ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, ৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ওমানে ৯৬ হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণে জন্য একটি জরিমানা নেয়া হয়। এই জরিমানা মওকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি।
তিনি আরও বলেন, ওমান বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে নতুন কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে। তারা দক্ষ কর্মী নিতে চায়। আমরা এ বিষয় আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে।
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সাথে বৈঠক হয়েছে। দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে ৪০০ কর্মী চলে গেছে। আরও ৫০০ কর্মীর যাওয়ার অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সম্প্রতি দুবাই, ওমান ও কাতার সফর করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেই সফরের অভিজ্ঞতা মঙ্গলবার তুলে ধরেন তিনি।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]