Saturday
18 April 2026

চিকিৎসা বিল মওকুফ হলো বাংলাদেশি বীর ছাত্রের

April 19, 2024

আমেরিকা ডেস্ক (কানাডা): গেল বছর ডিসেম্বরে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন বাংলাদেশি শিক্ষার্থী মিরাজ আহমেদ। সেই সময় তার অসম সাহসিকতার ভূয়সী প্রশংসা হয়েছিল। চিকিৎসা নিতে গিয়ে মিরাজের খরচ হয়েছিল মোটা অংকের টাকা। হাসপাতালে খরচ হওয়া দুই হাজার কানাডিয়ান ডলারের বিল মওকুফ করে দিয়েছে দেশটির সরকার।

কানাডার সংবাদ মাধ্যম সিবিসি’র খবরে বলা হয়, ভ্যানকুভারে গত ডিসেম্বরে বক্সিং ডে ছুটির দিনে ফেসবুক মার্কেটপ্লেস লেনদেন চলছিল। সেই সময় কম্পিউটারের সরঞ্জামের একটি টুকরো ছিনতাই করতে চেয়েছিল এক ব্যক্তি। তখন সবেমাত্র অলিম্পিক ভিলেজে খাবার ডেলিভারি দিয়েছেন মিরাজ। হঠাৎ দেখতে পান এক ব্যক্তির উপর পিপার স্প্রে প্রয়োগ করা হয়েছে। আরেকজন গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন মিরাজ আহমেদ ও আরেক পথচারী মিলে ওই পলাতককে ধরে ফেলেন। পুলিশ আসা পর্যন্ত ছিনতাইকারীকে আটকে রাখেন তারা। এর মধ্যেই হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মিরাজ। তিনি পড়াশুনার পাশাপাশি পার্টটাইম ফুড ডেলিভারির কাজ করেন।

চিকিৎসার জন্য মিরাজ আহমেদের হাতে অস্ত্রোপচার করতে হয়। মেডিকেল সার্ভিসেস প্ল্যান (এমএসপি) পরিষেবার আওতায় না থাকায় বড় অংকের বিল পরিশোধ করতে হয় তাকে। এই বিল বহন তার জন্য কঠিন হয়ে পড়ে। পরে তিনি এমএসপি পরিষেবার জন্য আবেদন করেন।

তার অসম সাহসিকতা নজর এড়ায়নি স্থানীয় কর্তৃপক্ষের। এমএসপি আবেদন গ্রহণ করে ডিসেম্বরের চিকিৎসা বিল মওকুফ করে দেয় কর্তৃপক্ষ। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস থেকে মিরাজ আহমেদকে ফোন করে বলা হয়, তার চিকিৎসা বিল মওকুফ করা হয়েছে। চিকিৎসার জন্য যে ঋণ ছিল সেটা আর নেই।

মিরাজ আহমেদ সিবিসি নিউজকে বলেন, তারা আমাকে ফোন করেছিল। আমাকে বলেছিল, আর বিল নিয়ে চিন্তা করতে হবে না। অবশ্যই আমি আমার অন্তর থেকে তাদের ধন্যবাদ জানাই। এটা আমার জন্য খুব ভালো খবর। কারণ এই ঋণটি একটি বোঝা ছিল।

এদিকে মঙ্গলবার প্রসিকিউশন সার্ভিস ঘোষণা করেছে, বক্সিং ডে-তে ছিনতাইয়ের জন্য গ্রেফতার ব্যক্তি শেলডন ইলবেগি তার অপরাধ স্বীকার করেছেন। তিনি অস্ত্র দিয়ে হামলা ও ছিনতাইয়ের জন্য দুটি অভিযোগে অভিযুক্ত।

তাকে ধরতে গিয়ে আহত হওয়া মিরাজ আহমেদ বর্তমানে বি সি ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা করছেন। আহত হওয়ার কারণে প্রায় আড়াই মাস কোনো কাজ করতে পারেননি তিনি। এতে আর্থিক সংকটে পড়েছেন মিরাজ।

মিরাজ আহমেদ জানান, বক্সিং ডেতে তিনি যা করেছেন তা নিয়ে কোনো দুঃখ নেই তার। একই ঘটনা আবারও তার সামনে ঘটলে একইভাবে প্রতিক্রিয়া দেখাবেন তিনি। ভবিষ্যতে যদি এমন কিছু ঘটে, আবারও একই কাজ করবে।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

টরন্টোর বাঙালি পাড়ায় বৈশাখের আমেজ

কানাডার কুইন্স পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন

মুক্তিযুদ্ধের প্রকল্প বানিয়ে দুই কিশোরীর পদক জয়

মার্কিন জাতীয় নিরাপত্তা শিক্ষা বোর্ডে বাংলাদেশি ওসমান সিদ্দিক

বাংলাদেশে তৈরি পোশাক সরাসরি আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান