স্পোর্টস ডেস্ক: স্কোরটা চ্যালেঞ্জিং ছিল। দীর্ঘদিন পর সৌম্যও রানে ফিরলেন। মুশফিকও যোগ্য সহায়তা দিলেন। বাকি ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় সিরিজ খোয়ালো টাইগাররা। ২৯১ রান করেও বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। প্লেয়ার অব দ্য ম্যাচ সৌম্য সরকারের সেঞ্চুরিটাও যায় বিফলে।
বুধবার (২০ ডিসেম্বর) নেলসনের সেক্সটন ওভাল স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো স্বাগতিকরা। ২২ বল হাতে রেখে তারা টানা দুই জয় তুলে নিল।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ংয়ের ছন্দময় ব্যাটিংয়ে শক্ত ভিত পায় কিউইরা। প্রথম ১১ ওভারে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র সংগ্রহ করেন ৭৬ রান। ৩২ বল খরচায় রবীনের সংগ্রহ ছিল ৪৫ রান। ৩৩তম বলে অভিষিক্ত স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি। বোলার ছিলেন হাসান মাহমুদ।
এরপর হেনরি নিকোলাসকে সঙ্গী করে দ্বিতীয় উইকেট জুটিতে ইয়ংদের সংগ্রহ ১২৮ রান। সম্ভাবনা জাগিয়েও দুইজনই অবশ্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৫ রান করা নিকোলাসকে সাজঘরে ফেরত পাঠান শরিফুল ইসলাম। নিকোলাস ফেরার আগে ৯৯ বলে ৮টি চার ও একটি ছক্কায় সাজান নিজের ইনিংস। ইয়ং-ও থমকে দাঁড়ান ৯৪ বলের মাথায়। ৮টি চার ও দুইটি ছক্কায় ৮৯ রানের সাজানো ইনিংসটির ইতি টানেন হাসান মাহমুদ।
তিন উইকেট হারানো স্বাগতিকদের হয়ে বাকি কাজটুকু সারেন অধিনায়ক টম ল্যাথাম ও টম ব্যান্ডেল। অপরাজিত দুই ব্যাটার ল্যাথাম ও ব্যান্ডেলের সংগ্রহ যথাক্রমে ৩৪ (৩২ বল) ও ২৪ (২০ বল) রান।
৫৭ রানে দুই উইকেট শিকার করেন হাসান মাহমুদ। কিউইদের অন্য উইকেটটি শিকার করেন শরিফুল।
এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক। ব্যাট হাতে বাংলাদেশের ২৯১ রানের মধ্যে ওপেনার সৌম্য একাই করেছেন ১৬৯ রান। ১৫১ বলের যাত্রাপথে তিনি বল বাউন্ডারির বাইরে পাঠান ২২ বার। এছাড়া বলকে উড়িয়ে সীমানার ওপারে পাঠিয়েছেন দুইবার।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাবেক কাপ্তান মুশফিকুর রহীম। তিনি ৫৭ বলে ৪৫ করেন ৫টি চারের সাহায্যে। আর কোনো ব্যাটারই উল্লেখ করার মত রান পাননি। এরমধ্যে ৬ জন ব্যাটারের মিলিত রানের পরিমাণ ২১ রান। ফলে নির্ধারিত ৫০ ওভারের এক বল আগে ২৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
২৯ ডিসেম্বর শুক্রবার হবে সিরিজের তৃতীয় তথা নিয়ম রক্ষার শেষ ম্যাচ।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
ভারতকে মাটিতে নামিয়ে শিরোপা নিল অস্ট্রেলিয়া