বিনোদন ডেস্ক: বলিউডে বইছে ‘অ্যানিমেল’ ঝড়। রেকর্ড গড়া মুভি অ্যানিমেল মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। সন্দীপ রেড্ডি বঙ্গার পরিচালনায় সিনেমাটিতে প্রথমবারের মত জুটি বাঁধলেন রণবীর কাপুর আর রাশমিকা মান্দানা। অ্যানিমেলে রণবীরের সাথে সমানতালে পাল্লা দিয়েছেন ববি দেওল। ‘জামাল কুদু’ বা ‘জামাল জামালু’ শিরোনামের গানটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। এই গানে লিপ মিলিয়েছেন ববি দেওল। তার সাথে ছিলেন এক অচেনা সুন্দরী। কে এই সুন্দরী তা জানতে নেটিজেনরা অস্থির হয়ে উঠেছেন।
অবশেষে পরিচয় মিলেছি এই নয়া হার্টথ্রবের। নাম তার তানাজ দাউদ। বাড়ি ইরানে। তনি নামেও পরিচিত এই ইরানি মডেল। তবে ভারতের মিডিয়া পাড়ায় নাম লিখিয়েছেন কিছুদিন আগেই। এতোদিন ছিলেন অনেকটা ব্যাক স্টেজে। এবার এলেন পাদপ্রদীপের নিচে। জামাল কুদু ভাইরাল হওয়ার পর হয়ে উঠেছেন সেনসেশন।
অ্যানিমেলের একটি দৃশ্যে দেখানো হয় ববি দেওল তৃতীয় বিয়ে করছেন। সেই বিয়ের অনুষ্ঠানে মাথায় একটি গ্লাস নিয় ববি নাচতে থাকেন। নাচতে নাচতে তিনি যান জামাল কুদু গানটি গাইতে থাকা একদল মেয়ের কাছে। মেয়েদের এই দলটি গানের সাথে নাচছিলেন তানাজকে কেন্দ্র করেই। তার পর্দায় উপস্থিতিটি ছিল বেশ মিষ্টি, যা মন কেড়েছে দর্শকদের।
ইরানি মডেল ও নৃত্যশিল্পী তানাজ কাজ করছেন ভারতে। এর আগে তিনি একটি স্টেজ শো-র হোস্ট হয়েছিলেন। কাজ করেছেন বলিউডের কয়েকটি গানেও। নোরা ফাতেহি, সানি লিওন, জন আব্রাহাম ও বরুন ধাওয়ানের সাথেও তাকে দেখা গেছে। তবে সেসব উপস্থিতি তাকে পরিচিতি দেয়নি। অ্যানিমেলে জামাল কুদু তাকে এনেছে তাকে লাইম লাইটে। এই গানটি রীতিমত তার জীবন পাল্টে দিয়েছে। ইনস্টাগ্রামেও তিনি বদলে ফেলেছেন নিজের নাম। সেখানে বায়োতে লিখেছেন ‘জামাল জামালু মেয়ে’।
অ্যানিমেল মুক্তির আগে ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল প্রায় ১০ হাজার। ১ ডিসেম্বর অ্যানিমেল মুক্তি পাওয়ার পর সেই সংখ্যা পৌঁছে গেছে ২ লাখ ৬০ হাজারে। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
ট্রাকে চেপে সংসদে যেতে চান মাহি