Friday
01 May 2026

শাহরিয়ার কবিরের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

December 8, 2024

ইউরোপ ডেস্ক (লন্ডন থেকে কিটন শিকদার): সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউরোপীয়ান ফোরাম অব বাংলাদেশ (ইএফবি)।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ইষ্ট লন্ডনের ২৪ অজবর্ন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইএফবি।

সম্মেলনে নেতারা অসুস্থ শাহরিয়ার কবিরকে চিকিৎসার প্রয়োজনে মুক্তি দিতে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সিনিয়র গবেষক এবং এসেক্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রভাষক আব্বাস ফয়েজ মূল বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, বিবিসির সাবেক ডিপ্লমেটিক সংবাদদাতা সিনিয়র সাংবাদিক ডানকান বারলেট, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র রয় ইম্মেট, স্যাকুলার বাংলাদেশ মুভমেন্ট(এসবিএম) এর প্রেসিডেন্ট ক্যাম্পেইন ফর মাইনরিটি রাইট -পুষ্পিতা গুপ্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার তানিয়া আমির, মুক্তিযোদ্ধা ও আহমদিয়া এ্যাসোসিয়েশন ইউকের বাংলা শাখার ইনচার্জ এমএ হাদিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের নেতারা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফায়েজ বলেন, শাহরিয়ার কবিরকে আমি অনেক বছর যাবত চিনি এবং জানি। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তার ওপর যে অভিযোগ আনা হয়েছে তা বিশ্বাস যোগ্য নয়। তিনি শারিরিক ভাবে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন। তিনি তার সমগ্র জীবন ব্যায় করেছেন আন্তর্জাতিক মানবাধিকারের জন্য।

আব্বাস ফায়েজ আরও বলেন বাংলাদেশে কে ক্ষমতায় আসলো কে গেল এটি আমাদের দেখার বিষয় নয়। আমারা চাই মানবাধিকার এবং গণতন্ত্র ও আইনের শাসন। বাংলাদেশে বিভিন্ন স্থানে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এমন অনেক বিষয় আমরা জানি। শাহরিয়ার কবিরকে বাংলাদেশের চারদলীয় জোট সরকারের সময়ও গ্রেফতার করা হয়েছিল। আমরা তার জন্য কাজ করেছি। সবচেয়ে দুঃখ জনক ব্যাপার হলো একজন মানমাধিকার নেতা এবং সাংবাদিককে অন্যায় ভাবে আটক করা হয়েছে। আমরা তার মুক্তি চাই। এই সরকারের সাথেও আমার যোগাযোগ হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে একটি সেমিনারে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছি।

বিবিসির সাংবাদিক ডানকান ভারলেট বলেন, শাহরিয়ার কবির একজন আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ এবং সাংবাদিক, তাকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার তানিয়া আমির বলেন, এই সরকারের কাঁধে অদৃশ্য শক্তিভর করেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মামলা দায়ের হচ্ছে এবং হয়েছে। এমন অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে মামলার বাদিরা আসমীদের চেনেননা। অনেক বাদি স্বীকার করেছেন তারা ৫/৬ জনের নামে মামলা করেছেন, পরবর্তিতে জানতে পারছেন অনেককে এসব মামলায় ঢুকিয়ে দেয়া হয়েছে। পুলিশ বা আইনজীবির সাথে মামলার বাদিরা যোগাযোগ করলে বলা হচ্ছে এটি আপনার বিষয় নয়। এটি আমাদের দেখবার বিষয়।

মুক্তিযোদ্ধা এমএ হাদি দেশের বিভিন্ন স্থানে আহমদিয়া সম্প্রদায়ের ওপর অত্যাচারের চিত্র তুলে ধরে বলেন আহমদিয়ারা কি বাংলাদেশের নাগরিক নয়? দেশের বিভিন্ন স্থানে আহমদিয়া মসজিদসহ অসংখ্য ঘটনার বিবরন দেন। তিনি বলেন শুধু আহমদিয়া বা শিয়া সম্প্রদায় নয় বাংলাদেশের পীর আউলিয়া সুফি দরবেশরাও অত্যাচারের হাত থেকে রেহাই পাচ্ছেনা। প্রতিদিনই ভাঙ্গা হচ্ছে মাজার ও পীর আউলিয়াদের আস্থানা।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

লন্ডনে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ফি বেড়েছে চার সেবার