Saturday
02 May 2026

অনিয়মিত সীমান্ত পারাপার, রোমানিয়ায় আটক ৭৩৫

July 12, 2024

ইউরোপ ডেস্ক: অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশের মোট ৭৩৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া।

দেশটির সীমান্ত পুলিশ বুধবার (১০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট অভিবাসীদের রোমানিয়ার সাথে থাকা হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্ত থেকে আটক করা হয়েছে।

রোমানিয়া বর্ডার পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র দিনসা আন্দ্রেই আলেকজান্দ্রু বুধবার ইনফোমাইগ্রেন্টসকে চলতি বছরের প্রথম ছয় মাসের অনিয়মিত অভিবাসীদের সীমান্ত থেকে আটকের কথা জানিয়েছেন।

দিনসা আন্দ্রেই বলেন, প্রথম ছয় মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ ২৫৩ জন অনিয়মিত অভিবাসীকে সীমান্তগুলো থেকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, সর্বনিম্ন ৫০ জন অভিবাসীকে শনাক্ত করা হয় জুনে।

চলতি বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশ করে ইউরোপের দুই দেশ রোমানিয়া এবং বুলগেরিয়া।

সীমান্ত পুলিশের দেয়া পরিসংখ্যান যাচাই করে দেখা গেছে, বছরের প্রথম তিন মাসে ২৫৩, ১১৫ ও ১২১ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়।

এর বিপরীতে এপ্রিল, মে ও জুনে শনাক্ত করা হয় ১২৩, ৭৩ এবং ৫০ জনকে। অর্থাৎ রোমানিয়া শেঙ্গেন জোনে প্রবেশের পর অভিবাসীদের অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা কমে এসেছে।

বুখারেস্ট কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে, প্রথম ছয় মাসে বেআইনি সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশি অভিবাসীরা।

শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের পর আছে সিরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]