Friday
17 April 2026

রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে আন্তরিক হতে হবে

March 23, 2024

বাংলাদেশ ডেস্ক: রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সবাইকে আরও আন্তরিক হতে হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

শনিবার ঢাকার বাংলাদেশ-কোরিয়া টিটিসি এ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যোগদানকৃত নতুন কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নতুন নিয়োগপ্রাপ্তদের সেবা ও ব্যবহারের ওপর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নির্ভর করেন বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, আপনাদের কাছে আসা সেবা প্রত্যাশীরা অনেক আশা-ভরসা নিয়ে আপনাদের কাছে সেবা নিতে আসেন। আপনারা যত স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্য সেবা প্রদান করবেন মন্ত্রণালয়ের ভাবমূর্তি তত উজ্জ্বল হবে।

নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সর্বদা স্বচ্চ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। আপনাদের কাছে আসা সেবা-প্রত্যাশী কারা, আপনাদের সেটা বুঝতে হবে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতি বিনয়ী ও আন্তরিক আচরণ করতে হবে। নিজের কাজে ফাঁকি না দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে মান্ধাতা আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণ নতুন প্রজন্মের কাজে লাগছে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, শুধুমাত্র প্রবাসীদরে প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না। প্রশিক্ষকদের ও প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর। এসময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিভিন্ন পদে প্রায় ৩০০ জন জনবল নতুন করে নিয়োগ দান করেন।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]