Friday
13 March 2026

ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

November 23, 2024

এশিয়া ডেস্ক (ভিয়েতনাম): ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৮তম মিশন হিসেবে শুক্রবার (২২ নভেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধি দল এবং ভিয়েতনামে বসবাসরত প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টিম টেকনিক্যাল কার্যক্রম এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেন। অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক আল-আমিন মৃধা। তিনি সরকারের ‘ই-পাসপোর্ট’ প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কারিগরি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে দূতাবাস থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে ই-পাসপোর্ট সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, এ কার্যক্রম চালু করার ফলে এখন থেকে ভিয়েতনাম ও লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসে এসে ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও দূতাবাস ভিয়েতনাম ও লাওসের বিভিন্ন শহরে কনস্যুলার পরিষেবা প্রদানের সময় ‘ই-পাসপোর্ট’ আবেদন গ্রহণ করবে। আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ‘ই-পাসপোর্ট’ সরবরাহ করা সম্ভব হবে।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদদীন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

রেলের উন্নয়নে একসাথে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৭৫