Wednesday
29 April 2026

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

December 16, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৯ টায় হাইকমিশন প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত হাইকমিশনার শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগস্ট অভ্যুত্থানের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তৃতার শুরুতে ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণরূপ দিতেই ২৪ এর জুলাই-আগস্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থান। ৭১ ও ২৪ এর শহিদ ও যোদ্ধাদের আকাঙ্খার সফল বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি।

শামীম আহসান বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনমূলক সংস্কার আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বাংলাদেশ পুনর্গঠনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্দেশনা মোতাবেক হাইকমিশন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

হাইকমিশনার প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, বৈধ পথে টাকা পাঠানো হলে দেশ ও জনগণের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যানমূলক সব প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের ঝলক

মালয়েশিয়ায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন