Saturday
02 May 2026

বাহরাইনে প্রবাসীদের নিয়ে সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

April 27, 2024

এশিয়া ডেস্ক: বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) মানামায় আল ইসলাহ সোসাইটি হল, মুহাররাকে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ এ সেমিনারের আয়োজন করা হয়। যেখানে বাহরাইনের আইনকানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার ও সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়।

সেমিনারে দেশটির শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), পূর্ত মন্ত্রণালয়, ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট (জিডিটি), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা বক্তব্য দেন।

বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি তার বক্তব্যে এ ধরনের সচেতনতামূলক সেমিনার আয়োজনের জন্য দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ প্রচারণার গুরুত্বের বিষয়ে আলোকপাত করেন।

অন্যদিকে এলএমআরএ প্রতিনিধি প্রবাসীদের সুরক্ষা এবং কল্যাণের জন্য যে পরিষেবাগুলো প্রদান করা হচ্ছে তা তুলে ধরেন। পূর্ত মন্ত্রণালয় এবং ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট (জিডিটি)-এর প্রতিনিধিরা তাদের বক্তব্যে যৌথভাবে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তার বিধিবিধান মেনে চলার ওপর জোর দেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) প্রতিনিধিরা প্রবাসীদের কল্যাণে তাদের সংস্থার কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে বিদেশি অতিথি ও বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে দূতাবাসের এ ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশিদের উদ্দেশে সচেতনতামূলক পরামর্শ প্রদানের জন্য দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মাহফুজুর রহমান। দূতাবাসের অন্য কর্মকর্তারা সেমিনার ও কনস্যুলার ক্যাম্পে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সচেতনতামূলক সেমিনার ছাড়াও দূতাবাস দিনব্যাপী মোবাইল কনস্যুলার সার্ভিস ক্যাম্পের আয়োজন করে, যাতে মুহাররাক এবং আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার এবং শ্রম কল্যাণ সেবা খুব সহজে গ্রহণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সেমিনারে অংশ নেন এবং ক্যাম্পে দেয়া বিভিন্ন সেবা গ্রহণ করেন।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]