Monday
25 May 2026

কানাডায় বৈশাখী মেলা উদযাপিত

April 19, 2024

ইউরোপ ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি উদযাপিত হয়েছে বৈশাখী মেলা-১৪৩১।

মেলায় শিশু-কিশোরসহ সব স্তরের মানুষ দেশীয় বাহারি পোশাকে উপস্থিত হন। মেলা বাংলাদেশের জাতীয় সংগীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। এতে ছিল নানারকম দেশীয় খাবার, পিঠা, শাড়ি-কাপড় ও গহনার দোকান।

দিনব্যাপী জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সুরেলা কণ্ঠে গান এবং নিত্য। মেলায় অতিথি শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি তার মধুর কণ্ঠে মাতিয়ে রাখেন সবাইকে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করেন বিটিস কলম্বিয়া (কনসারভেটিভ) পার্টির লিডার জন রাস্ট্রেড ও তার সহধর্মিণী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন।

দিনব্যাপী প্রাণের মেলায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও এ অনুষ্ঠানে যোগ দিয়ে উপভোগ করেন সকাল থেকে বিকেল পর্যন্ত। আনন্দের আবহে দুপুর থেকে বিকেল পর্যন্ত বাঙালির চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুরে, কবিতার ছন্দে, নাচের মুদ্রায় আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন বলেন, প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে বাংলাদেশে। সেই আদলেই আমরা চেষ্টা করেছি আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতিতে চর্চা করুক। বিশ্বের দরবারে আমাদের লাল সবুজের পতাকাকে তুলে ধরুক।

প্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম- এমনটাই প্রত্যাশা কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]