Tuesday
21 April 2026

দেশের টেলিভিশনগুলোকে পে-চ্যানেল করার উদ্যোগ

April 16, 2026

বাংলাদেশ ডেস্ক
সম্প্রচার নীতিমালায় শিগগিরই সংশোধন আসছে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশনের আওতায় আনার পাশাপাশি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হবে। দেশীয় চ্যানেলগুলোকে পে-চ্যানেল করার উদ্যোগও নেয়া হবে।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল সচিবালয়ে তথ্য সচিব মাহবুবা ফারজানার সাথে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রচার নীতিমালার বর্তমান ভাষাগত কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। বিশেষ করে নীতিমালায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি ২০২৪-এর আন্দোলনের ইতিহাস সংযোজন করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে আধুনিকায়ন ও টেকসই করতে সেগুলোকে ‘পে চ্যানেল’ হিসেবে রূপান্তর করার উদ্যোগ নেয়া হচ্ছে। এতে টেলিভিশনগুলো সরাসরি গ্রাহকদের কাছ থেকে আয়ের সুযোগ পাবে।

সম্প্রচার খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ণাঙ্গ ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) জানা সম্ভব হবে। এর ফলে কন্টেন্টের মান ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।

ডিজিটাইজেশনের এই নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে একদিকে টেলিভিশন চ্যানেলগুলো যেমন আর্থিকভাবে লাভবান হবে, অন্যদিকে সরকারও এই খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে এই সংশোধনীর প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমত পোষণ করে।

উল্লেখ্য, আওয়ামী লীগ শাসনামলে অ্যাটকো টেলিভিশনগুলোকে পে-চ্যানেলে রূপান্তরের দাবি করেছিল। সেই সময় সরকার নীতিগতভাবে একমত পোষণ করলেও তা কার্যকর করতে আইন প্রণয়নের মত সময় পায়নি।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগালের নতুন কমিটির অভিষেক
বানাসাস-এর কমিটি পুনর্গঠন
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড
কসমেটিকস নিয়ে কাজী তামান্নার কথকতা (ভিডিও)
‘সাবান, শ্যাম্পু, চকলেট না নিয়ে পকেট ভরতি টাকা নিয়ে যান’