Monday
20 April 2026

নিউইয়র্কে চালু হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা

November 20, 2024

আমেরিকা ডেস্ক (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় তিন যুগ পর চালু হলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা। ৩৪ বছর আগে ১৯৯০ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠিত নিউইয়র্কের এ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে কনস্যুলার পরিষেবা প্রদানকালে প্রদত্ত শর্তানুযায়ী প্রবাসীরা এতদিন ফি বাবদ শুধু মানি অর্ডার ও ব্যাংক সার্টিফায়েড চেক প্রদান করেছেন। এতে প্রবাসীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রবাসীদের সুবিধার কথা ভেবে মঙ্গলবার ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়।

কনস্যুলেট জেনারেলের শর্তানুযায়ী সেবাগ্রহণকালে মানি অর্ডার ও ব্যাংক সার্টিফায়েড চেক প্রদানে দীর্ঘ ৩৪ বছর ধরে হাজার হাজার প্রবাসী বিড়ম্বনার শিকার হয়েছেন। প্রায় তিন যুগ পর প্রবাসীদের এ সমস্যার অবসান ঘটেছে বলে জানিয়েছেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।

তিনি বলেন, চলতি বছরের ১ অক্টোবর পুরোনো ভবন ছেড়ে লং আইল্যান্ড সিটির ৩১-১০ ৩৭ অ্যাভিনিউর (স্যুট ২০১) ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নতুন যাত্রা শুরু করা হয়। এক মাসের ব্যবধানে আমরা আরেকটি নতুন যাত্রা ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা শুরু করলাম। গত মঙ্গলবার ছিল শুধু পরীক্ষামূলক। বুধবার থেকে পুরোপুরি ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা চালু হয়। কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩ শতাংশ ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। এ ছাড়া মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও অব্যাহত থাকবে।

নিউইয়র্কের ডিপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান বলেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা বেশ উপকৃত হবেন। এর আগে কনস্যুলেটের শর্তানুযায়ী ফি বাবদ শুধু মানি অর্ডার ও ব্যাংক সার্টিফায়েড চেক প্রদানের বিধান ছিল। এখন থেকে আর কাউকে কোন বিড়ম্বনায় পড়তে হবে না।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রে কোথায়, কেনো ও কিভাবে থাকবেন…

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে