Wednesday
29 April 2026

মালয়েশিয়ায় পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ক্ষোভ

November 16, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে বাড়ছে ক্ষোভ। এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় হাজার হাজার প্রবাসী পড়েছেন বিপাকে। এমআরপির জন্য মালয়েশিয়া থেকে যারা রিনিউ আবেদন করছেন তারা পাচ্ছেন না পাসপোর্ট। এতে একদিকে গ্রেফতার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা, অন্যদিকে জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা।

কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, সময়মতো পাসপোর্টের আবেদন করেও তারা পাচ্ছেন না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে। পাসপোর্ট না পেলে তাদের সবকিছু গুটিয়ে দেশে চলে আসতে হবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই-পাসপোর্ট দেয়া হবে।

অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী।

বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য ২৫ হাজারের বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন অবস্থায় নতুন করে ই-পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে। তাতেও আবেদন করে সময়মতো পাসপোর্ট পাচ্ছেননা প্রবাসীরা।

এদিকে হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সাথে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিলে ই-পাসপোর্ট আবেদনের সুযোগ থাকলেও নাম বয়স জটিলতায় সংশোধনী আবেদন করতে পারছে না অনেক প্রবাসী। এতে ভোগান্তির অভিযোগ অনেকের। এমন পরিস্থিতিতে পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পাসপোর্ট সেবা প্রত্যাশী মালয়েশিয়া প্রবাসীরা।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি