Sunday
15 February 2026

মালয়েশিয়ায় নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী উদ্ধার

November 20, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর রাজধানীর কুয়ালালামপুরে পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মীদের একটি দল অভিযান চালিয়ে যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই নারীর বয়স যথাক্রমে ৩০ ও ৩৪ বছর।

এছাড়া অভিযানে ৩৬ বছর বয়সি এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যাকে ‘মূল পরিকল্পনাকারী’ বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযানের সময় ৩০ ও ৩৯ বছর বয়সি আরও দুই বাংলাদেশিকেও গ্রেফতার করেছে যারা ‘সিন্ডিকেট সদস্য’ বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া ৫০ বছর বয়সি এক বাংলাদেশি গ্রাহককেও গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

অভিবাসন বিভাগ বলছে, বিদেশি নারীদের বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ২ হাজার রিঙ্গিতের ভালো চাকরির প্রস্তাব দিয়ে আনার পর তাদের সাথে প্রতারণা করা হয় এবং বিনা বেতনে যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। এমনকি বিদেশি খদ্দেরদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেবা দিতে তাদের বাধ্য করা হয়। গত এক মাস ধরে ভুক্তভোগীদের কোনও অর্থ প্রদান করা হয়নি। কেবল খাবার ও পানীয় সরবরাহ করা হতো।

যারা মানব পাচার ও অভিবাসীদের চোরাচালানবিরোধী আইনে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালয়েশিয়ায় পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ক্ষোভ

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার