Monday
25 May 2026

মালদ্বীপ প্রবাসীদের সাথে হাইকমিশনের মতবিনিময়

July 31, 2024

এশিয়া ডেস্ক: প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (৩০ জুলাই) হাইকমিশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

হাইকমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আমাদের সবার এবং সবাই মিলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই মালদ্বীপে বৈধভাবে কাজ করে মাথা উঁচু করে থাকব। তিনি সবাইকে মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। একইসাথে প্রবাসীদের কারও প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়াও সোশ্যাল মিডিয়ার যাতে কেউ অপব্যবহার না করেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মিশনের শ্রম কাউন্সেলর মোহাম্মদ সোহেল পারভেজ বক্তব্য দেন। তিনি প্রবাসীদের মালদ্বীপের আইন মেনে কাজ করার আহ্বান জানান। একইসাথে অবৈধ কাজ যেমন মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার অনুরোধ জানান।

সোহেল পারভেজ বলেন, ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী ওয়ার্ক ভিসায় এসে মালদ্বীপে অবৈধভাবে কোনও ব্যবসা করা যাবে না।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে দুলাল মাতবর বক্তব্য দেন। তিনি সবাইকে গুজব থেকে বিরত থাকার অনুরোধ করেন। এছাড়াও মালদ্বীপে কোনও ধরনের বেআইনি সমাবেশ, মিছিল, মিটিং না করার অনুরোধ জানান।

অনুষ্ঠানের প্রবাসী ব্যবসায়ী, বাংলাদেশ কমিউনিটির নেতারা ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]