Wednesday
29 April 2026

সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

February 9, 2024

ইউরোপ ডেস্ক: সাইপ্রাসে মোহাম্মদ আলী সোহাগ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সাইপ্রাসের গির্নে শহরে দশতলা একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় কাঠ পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার পরিবার ও সাইপ্রাসের গির্নে শহরে অবস্থানরত সোনাগাজীর প্রবাসী বাংলাদেশিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আলী সোহাগ ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আকরাম উদ্দিন মিয়াজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় মোহাম্মদ আলী সোহাগ বৃদ্ধ বাবা- মা, ভাই ও স্ত্রী রেখে বছর খানেক আগে সাইপ্রাসে গিয়েছিলেন। সাইপ্রাসের গির্নে শহরে তিনি কাজ করতেন। শুক্রবার বিকেলে তার পরিবারের লোকজন জানতে পারেন সাইপ্রাস সময় দুপুর ১১টায় একটি দশতলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় কাঠ পড়ে সোহাগ ঘটনাস্থলে মারা যান।

চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন সাইপ্রাস প্রবাসী মোহাম্মদ আলী সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাগাজী প্রবাসী ফোরাম উত্তর সাইপ্রাসের সভাপতি ইমাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসী সোহাগের লাশ দেশে পাঠাতে হলে প্রায় ৫-৬ লাখ টাকার দরকার। আমরা প্রবাসীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে লাশ পাঠানোর জন্য সহযোগিতা করব।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]