Friday
17 April 2026

রাশিয়া ও ইরানের পাশে চীন, কঠোর বার্তা মার্কিনীদের জন্য

July 8, 2025

রহমান মুস্তাফিজ, মন্তব্য প্রতিবেদন

অবশেষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘোষণা দিয়েছেন, রাশিয়ার পরাজয় তারা মেনে নিবেন না। এ কথার মধ্যদিয়ে বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। একই সাথে গত শতকের ষাট ও সত্তর দশকের রাজনৈতিক মেরুকরণে আবার ফিরে যাওয়ার ইঙ্গিত ওয়াং ই-এর এই বার্তা। বিশেষত ভারত-পাকিস্তান ও ইরান-ইসরায়েল সশস্ত্র সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের ভূমিকা বেকায়দায় ফেলতে যাচ্ছে তাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে।

গেলো বৃহস্পতিবার (৩ জুলাই) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সাথে চার ঘন্টা বৈঠক করেন ওয়াং ই। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনের ভূমিকা সংক্রান্ত প্রশ্নের জবাবে ওয়াং-এর সাফ জবাব, এই যুদ্ধে রাশিয়ার পরাজয় কোনোভাবেই মেনে নিবে না বেইজিং।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনের সরাসরি অবস্থান
নেয়াটা মার্কিন-চীন বাণিজ্য দ্বৈরথে প্রভাব ফেলবে নিঃসন্দেহে। এই যুদ্ধে ইইউ-ভূক্ত অধিকাংশ দেশ ইউক্রেনকে শুধু সমর্থনই দিচ্ছে না, অস্ত্র ও অর্থ-সহ নানান সহযোগিতাও দিচ্ছে। এক্ষেত্রে তারা চীনের সমর্থন প্রত্যাশা করেছিল যা তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হতো। কিন্তু চীনের খোলামেলা অবস্থান তাদের সেই প্রত্যাশায় হতাশার জন্ম দিয়েছে।


অন্যদিকে, ইরান-ইসরায়েল সশস্ত্র সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি তারা ইরানের কাছাকাছি থাকা ঘাঁটিগুলো ব্যবহার করে ইসরায়েলকে বাড়তি সুবিধা পেতে সাহায্য করেছে। ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনেও চীন তাদের অবস্থান স্পষ্ট করে। যা তাদের সাম্প্রতিক বিদেশনীতির সাথে খাপ খায় না। গত তিন দশকে চীন যে কোনো আঞ্চলিক সংকটে নিরপেক্ষতার মুখোশ পরে থেকেছে। এমনকি, ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মিরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নিহতের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলেও চীন নিশ্চুপ থেকেছে। সীমান্ত উত্তেজনার এক পর্যায়ে ভারত ৭ মে পরিচালনা করে অপারেশন সিঁদুর। এই সময় পাকিস্তানিদের ব্যবহৃত মিসাইল ছিল চীনে তৈরি, যা পাকিস্তান সরকার প্রকাশ্যে স্বীকার করে।

ভারত-পাকিস্তান সংঘাতে চাইনিজ সমরাস্ত্র ব্যবহৃত হলেও চীন বিবাদমান উভয় পক্ষকেই সংযত থেকে আঞ্চলিক শান্তি বজায় রাখার আহ্বান জানায়। চীন মূলত ভারত ও পাকিস্তান… দুই দেশেরই বাণিজ্যিক অংশীদার। ফলে তার পক্ষে দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের পক্ষে সরাসরি অবস্থান নেয়া সম্ভব হয়নি।

তবে ভারত-পাকিস্তান সংঘাতের চেয়ে ইরান-ইসরায়েল সংঘাতে অবস্থান স্পষ্ট করা চীনের জন্য সহজ ছিল এবং তারা তা করেছে। ১৩ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে। এটি (ইসরায়েলবিরোধী অবস্থান) মূলত ২০২৪ সালের অক্টোবরের ধারাবাহিকতা মাত্র। সেই সময়ে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং ইসরায়েলের কঠোর সমালোচনা করেন।

ভারত-পাকিস্তান, ইরান-ইসরায়েল ও রাশিয়া-ইউক্রেন… এই তিনটি যুদ্ধ ও সংঘাতে চীনের অবস্থান নিজের স্বার্থেই। যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য হুমকি হয়ে ওঠা চীন মনে করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয়ে মার্কিনীরা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তাই দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্র মনোযোগ দিবে চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে। সেক্ষেত্রে ওয়াশিংটনের চোখ থাকবে চীনের দিকে।

ওয়াং ই অবশ্য দাবি করেছেন, তারা যদি রাশিয়াকে সামরিক সহায়তা দিত তাহলে এ যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেতো।

শুক্রবার (৪ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান নৈর্ব্যক্তিক। কূটনীতি, সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধের অবসান চায় চীন। তিনি বলেন, এ যুদ্ধ দীর্ঘায়িত হলে কোনো পক্ষই লাভবান হবে না।

অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘প্রকাশ্যে নাক গলানো’ থেকে বরাবরই দূরে থাকা চীন তার আচরণে পরিবর্তন এনেছে ২০২৩ সালে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নির্বাচন (২০২৪-এর ৫ জানুয়ারির নির্বাচন) নিয়ে প্রথম শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদান করে। এরপর ইসরায়েল ইস্যুতেও নেতিবাচক বক্তব্য প্রদান করে। এতে মুসলিম দেশগুলোর কাছে ‘নাস্তিক’ হিসেবে সমালোচিত দেশটি প্রশংসিত হয়। ভারত-পাকিস্তান সংঘাতে নিরপেক্ষ ভূমিকা নিলেও ইরান-ইসরায়েল সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে মার্কিনীদের উদ্দেশ্যে কঠিন বার্তা দিল বাণিজ্য-যুদ্ধে আগ্রাসী ভূমিকায় নামা চীন।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
বাঘিনীদের বিশ্বকাপে দেখতে চায় বাফুফে
আটক বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সাথে যুক্ত: মালয়েশিয়া পুলিশ
সেপ্টেম্বরে লন্ডনে হবে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা
‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে’ বিবিসিকে বললেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা
তেহরানের দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে আনা হচ্ছে