Friday
17 April 2026

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে

March 10, 2025

বাংলাদেশ ডেস্ক: মুক্তিযুদ্ধ জাদুঘরে লাগা আগুনের কারণ এখনও নিশ্চিত করা যায়নি৤ আগুন লাগার ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার ঘটনা সম্পর্কে বিভিন্ন সংস্থা কাজ করছে। বিকেলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছবি: সংগৃহীত

সোমবার ১০ মার্চ সকাল পৌঁণে ৯টার দিকে নিচতলায় জেনারেটর রুমে আগুনের সূত্রপাত। প্রায় পৌণে এক ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হয়। দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারে তথ্য নিশ্চিত করেন তালহা জুবায়ের।
তিনি জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট মুক্তিযুদ্ধ জাদুঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
আগুন লাগার বিষয়ে জাদুঘরের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট দিয়ে জানানো হয়, প্রিয় দর্শনার্থীগণ, “আজ সকাল ৯টা নাগাদ শর্ট সার্কিটের কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লেগে যায়। যার কারণে নিয়মিত কার্যক্রম সামান্য বিলম্বিত হয়। তবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাদুঘরের সব কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে।”
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, “ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে৤ তেমন কোনো ক্ষতি হয়নি৤ জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে৤”
এদিকে, মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনায় দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানান ধরনের আলোচনা। অসংখ্য ফেসবুক ইউজার তাদের পোস্টে আগুন লাগার ঘটনাটিকে নাশকতা হিসেবে উল্লেখ করেছেন।
এনআরবি৩৬৫/কিউএএম/আরএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]