কমরেড অনিল মুখার্জীর স্মরণসভায় সিপিবি
বাংলাদেশ ডেস্ক: উপমহাদেশের শ্রমিক ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিল মুখার্জীর ৪৩তম প্রয়াণবার্ষিকী পালন করা হয়। মুক্তিযুদ্ধের এই সংগঠকের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার মাধ্যমে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, আলো দিয়েই অন্ধকারকে দূর করতে হয়। ব্যক্তিগত অথবা মুষ্টিমেয় সন্ত্রাসবাদী তৎপরতায় রোমান্টিক উত্তেজনা সৃষ্টি করা যায় কিন্তু সমাজ বদল করা যায় না। সমাজ বদলের জন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক আদর্শ এবং দৃপ্ত সংকল্প।
৮ ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর পোস্তগোলা শ্মশাণঘাট প্রাঙ্গণে অনিল মুখার্জী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এরপর সিপিবি পার্টির সূত্রাপুর থানা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় স্মরণ সভার।
স্মরণসভায় সভাপ্রধান ছিলেন সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা জাহিদ হোসেন খান, থানা কমিটির সদস্য শ্রমিক নেতা সাইফুল ইসলাম সমীর, হামিদুর রহমান ইকবাল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক প্রিজম ফকিরসহ অন্যান্য নেতারা।
সিপিবির অন্যতম প্রতিষ্ঠাতা অনিল মুখার্জী সম্পর্কে বক্তারা বলেন, আন্দামান ফেরৎ বিপ্লবী কমরেড অনিল মুখার্জীর স্বপ্ন ছিল মানুষের মুক্তি তথা দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা। ৭০ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরলস সংগ্রামে ব্রতী ছিলেন। মেহনতি মানুষের শোষণমুক্তির সংগ্রাম পরিচালনায় নেতৃত্ব দিতে গিয়ে তিনি প্রায় ২৪ বছর জেলে ও আত্মগোপনে ছিলেন। এই মহান নেতার জীবনসংগ্রাম আমাদের প্রেরণার উৎস।
কমরেড অনিল মুখার্জী এবং তার সহযোদ্ধারা শ্রেণিহীন, শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্রগঠন আন্দোলনে চ্যাম্পিয়ন ছিলেন উল্লেখ করে তারা বলেন, সেই পথেই বর্তমান প্রজন্মকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে এবং সকল অপশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় পূর্ণগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে অংশ নিতে হবে।
সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে স্মরণসভা শেষ হয়।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই–মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
শুরু হচ্ছে শিল্পের দ্বিতীয় যাত্রার প্রদর্শনী
সাহিত্যিক রণেশ দাশগুপ্তের ১১৩তম জন্ম জয়ন্তী উদযাপিত