এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): মালয়েশিয়ায় ২৪ লাখ ৭০ হাজার ৭৮১ জন অদক্ষ বিদেশি কর্মী কাজ করছেন। দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং সংসদে এক লিখিত উত্তরে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী স্টিভেন সিম বলেন, ১২তম মালয়েশিয়া পরিকল্পনা (২০২১-২০২৫) অনুসারে সরকার নির্ধারণ করেছে যে, দেশের মোট শ্রমশক্তির ১৫ শতাংশের বেশি বিদেশি কর্মী হবে না। তিনি উল্লেখ করেন, সরকার এই নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এই নীতির আওতায়, গত বছরের ১৮ মার্চ থেকে নতুন বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন স্থগিত করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সব খাতে মাল্টিটায়ার লেভি ব্যবস্থা কার্যকর করা হবে, তবে কৃষি খাত এতে অন্তর্ভুক্ত নয়।
সরকার টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) প্রোগ্রামের মাধ্যমে দক্ষ মালয়েশিয়ান কর্মশক্তি তৈরিতে মনোযোগ দিচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমনির্ভর শিল্পগুলোকে উচ্চমূল্য সেক্টরে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী আরও বলেন, কম বেতনের পদগুলোতে স্থানীয়দের আকৃষ্ট করতে ন্যূনতম মজুরির হার পুনর্বিবেচনা করবে সরকার।
বিদেশি কর্মীর সংখ্যা সীমিত রাখার মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে এবং শিল্প খাতে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল করতে চায়। সরকারের এই পদক্ষেপ কর্মীনির্ভর শিল্পগুলোর স্থায়িত্ব বজায় রাখতে এবং দক্ষতাভিত্তিক কর্মশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: