ইউরোপ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষা, তাদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সেমিনারে এ দাবি জানান সংগঠনের নেতারা। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেমিনারে প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত ৯ দফা সুপারিশ তুলে ধরেন সংগঠনের সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। এ সময় তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। দেশের অর্থনীতিতে তাদের বিশাল অবদান রয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরে আমেরিকা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক বাংলাদেশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। আইনি জটিলতায় প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যহত হচ্ছে। তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন এখন সময়ের দাবি।
এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাফিজ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর খুরশেদ আলম চৌধুরী, এইচআরপিবির সুইডেন শাখার সম্পাদক মীর মোয়াল্লেম হোসেন, উপদেষ্টা লিয়াকত হোসাইন, মঞ্জুরুল হক ইলিয়াস এবং প্রচার সম্পাদক আয়নুল হক।
সেমিনারে বক্তারা বলেন, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। কিন্তু আইনি ও আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তহীনতা, দুর্নীতি ও অনিশ্চয়তার কারণে বিনিয়োগে উৎসাহ পান না। প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন হলেই তারা বিনিয়োগে উৎসাহী হবেন।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]