Friday
17 April 2026

লন্ডনে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি

July 28, 2024

ইউরোপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় লন্ডনে মাত্র ৫০০ গজ দূরত্বের ব্যবধানে একই দিন একই সময়ে সমাবেশ ডেকেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি।

সোমবার দুপুরে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের সামনে আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।

এ উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুলতান মাহমুদ শরীফ অভিযোগ করে বলেন, তারেক রহমান ও জামায়াত শিবির চক্র বাংলাদেশকে অকার্যকর করার যে অপচেষ্টা চালাচ্ছে সেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তারা আন্তর্জাতিক আর্থিক সহায়তায় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অবস্থান পাশাপাশি। ওয়েস্ট মিনিস্টার স্টেশন থেকে বের হলেই ডানে ডাউনিং স্ট্রিট আর বামে পার্লামেন্ট। পাশাপাশি দুটি সমাবেশের আয়োজনে ব্রিটেনের মন্ত্রী ও পার্লামেন্ট পাড়ায় কোন ‘সহিংসতার সম্ভাবনা না থাকলেও’ যাত্রাপথে ‘সমর্থকদের মধ্যে অঘটনের’ আশঙ্কা করছেন প্রবাসীরা।

লন্ডনে এ ধরনের যে কোনও প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশে পুলিশের উপস্থিতি থাকে এবং তাদের অনুমতি নিয়েই তা করতে হয়।

এদিকে গত ১৮ জুলাই পূর্ব লন্ডনে এরকম দুটি সমাবেশ শেষে সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে গ্রেপ্তার, গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশের উপস্থিতিতেই এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। আবারও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার শঙ্কায় উদ্বেগ জানিয়েছেন তারা।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]