বাংলাদেশ ডেস্ক: দেশে একের পর এক নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও মব সন্ত্রাস চললেও সরকার নির্বিকার। উপরন্তু প্রতিবাদকারীদের উপর চলছে দমন-নির্যাতন আর মামলা। সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এমন দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার ১৪ মার্চ লোহারপুল এলাকায় আয়োজিত প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সিপিবি সূত্রাপুর থানা সভাপতি বিকাশ সাহা সমাবেশে সভাপতিত্ব করেন । গোলাম রাব্বি খানের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন খান, থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উদীচী গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক ওঙ্কার নাথ ঝলক, সিপিবি নেতা সাগর হোসেন সবুজ, সূত্রাপুর থানা যুব ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, থানা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাম্য দাসসহ অন্যরা।
জাহিদ হোসেন খান বলেন, গত ৭ মাসে দেশে সাড়ে ৩ হাজার মানুষ নতুন করে কোটিপতি হয়েছেন। এই টাকার উৎস কোথায়? দেশজুড়ে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাস চলছে। লুটপাটের এই ধারা এখনই থামাতে হবে।
গোলাম রাব্বী খান বলেন, বিচারহীনতার জন্য আজ আছিয়া যায় কবরে আর ধর্ষক থাকে বেঁচে। রাষ্ট্র ধর্ষকদের নিরাপত্তা দেয়।
যুবনেতা আনোয়ার হোসেন বলেন, গত ৭ মাসে দেশে কোন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি। বরং এক বেক্সিমকোরই ৬০ হাজার শ্রমিক বেকার হয়েছেন। দ্রব্যমূল্যর ঊর্ধগতিতে মানুষ দিশেহারা।
সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, আছিয়ার মৃত্যু প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। এতে উৎসাহিত হচ্ছে ধর্ষক ও খুনী চক্র। শিশু আছিয়ার মর্মান্তিক ঘটনার পরও ধর্ষণ নির্যাতন থেমে নেই। মব সন্ত্রাসে আতংকিত জনপদ। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নানা ঘটনা ঘটিয়ে, তালবাহানা করে নির্বাচন না পিছিয়ে ইউনূস সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করে বিদায় নেয়া। নয়তো আরেকটি গণ অভ্যুত্থান হবে। জনগণ এ অবস্থা বেশীদিন চলতে দিতে পারে না।
এনআরবি৩৬৫/কিউএএম/আরএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন
রোকেয়া হল অ্যালামনাইয়ের কমিটি গঠন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে