বাংলাদেশ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র সহযোগিতা চেয়েছেন। নদী দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষ-হাতি সংঘাত মোকাবেলায় এ সহযোগিতা চাইলেন। এসময় তিনি আটটি বিভাগের আটটি প্রধান নদী পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সাথে ঢাকার আশপাশের নদীগুলোর পরিষ্কার কার্যক্রমে এডিবির অগ্রাধিকারমূলক সহযোগিতা কামনা করেন।
৫ জানুয়ারি রোববার রাজধানীর বন অধিদপ্তরে পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং। সাক্ষাৎকালে উপদেষ্টা এ সহযোগিতা কামনা করেন।
হো ইউন জং জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দেবে এডিবি। তিনি বলেন, তার প্রতিষ্ঠান বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে অনুদানসহ আর্থিক সহায়তা বাড়াবে। তিনি নদী পরিষ্কার প্রকল্পে আগ্রহ প্রকাশ করেন এবং নদী পুনরুদ্ধার উদ্যোগগুলোকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এছাড়া, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জনপরামর্শ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
সৈয়দা রিজওয়ানা সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিতের পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, লবণাক্ততার প্রবেশ, জলাবদ্ধতার বিষয়ে এডিবির সহযোগিতা চান।
বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রধান বন সংরক্ষক এবং পরিবেশ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
কমলাপুর রেলস্টেশনে ‘বড় পর্দায়’ পর্ণোগ্রাফি
উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে ‘বিপ্লবী প্রবাসীদের’ বিক্ষোভ যে কারণে