এশিয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন।
রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসীরা হলেন– নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ, শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু, শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মোহাম্মদ হিরা মিয়া। তারা একই জায়গায় কাজ করতেন।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে উল্লিখিত পাঁচ প্রবাসী কাজের উদ্দেশে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এসময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, দুর্ঘটনা প্রসঙ্গে জেনেছি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]