বাংলাদেশ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দ্রুত ও সহজে দেয়ার লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ।
রোববার (২৪ ডিসেম্বর) থেকে এই কনস্যুলার সেবা সপ্তাহ শুরু হয়েছে। সেবা সপ্তাহ চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
এ উপলক্ষ্যে স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ নতুনরূপে সাজানো হয়। এছাড়া, স্থানীয় সময় দুপুর একটায় এ উপলক্ষ্যে দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দি বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ- এসব সেবা দেবে দূতাবাস।
এসময় বিপুলসংখ্যক সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]