এশিয়া ডেস্ক (ভারত): ভারতের তামিলনাড়ুতে তিন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। শনিবার রাজ্যটির নামক্কাল জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ কাগজপত্র দিয়ে কাজ করা এবং ভারতে অবস্থানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি গোপন তথ্যের ভিত্তিতে নামক্কাল পুলিশ শনিবার ভোরে চারজনকে গ্রেফতার করে। ওই চারজনের একজনের কাছে বৈধ পাসপোর্ট এবং অন্যান্য নথি ছিল। কিন্তু বাকি তিনজনের কাছে বৈধ কাগজপত্র ছিল না।
গ্রেফতার ওই তিনজন হলেন-মাহমুদ মোল্লাহ, হানিফ ও আশরাফুল ইসলাম। পুলিশ তাদের গ্রেফতার করে চেন্নাইয়ের পুজল কারাগারে রিমান্ডে নেয়। বৈধ কাগজপত্রওয়ালা বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশি নাগরিকেরা গত নয় মাস ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ আরও তদন্ত করছে।
এর আগে, গত মাসের শেষ দিকে তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। রাজ্যের দক্ষিণ তিরুপ্পুর জেলার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত একটি দল দক্ষিণ তিরুপ্পুরের ওই বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে দেখা যায় যে, গ্রেফতার হওয়াদের মধ্যে ছয়জন বাংলাদেশি। মূলত তাদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এই ছয় জনকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেয়া হয়নি। পরে তারা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: