Saturday
18 April 2026

কাপ্তানের কাপ্তানি; চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

March 9, 2025

স্পোর্টস ডেস্ক: হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন রোহিত, কোলি, শুভমানরা। গেলো আসরে পাকিস্তানিদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এবার শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি কিউইদের বিরুদ্ধে প্রতিশোধ নিল ২৫ বছর আগে ফাইনালে ধরাশায়ী হওয়ারও। এক ওভার হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে সবচেয়ে বেশি তিন বার চ্যাম্পিয়ন হলো। এছাড়া সর্বোচ্চ ৫ বার ফাইনাল খেলারও রেকর্ড গড়েছে তারা। মূলত ভারতীয় কাপ্তানের কাপ্তানিতেই সেরার মুকুট আবারও ঘরে এলা ভারতের৤

রোববার ফাইনাল ম্যাচে টস ভাগ্য ছিল ব্ল্যাক ক্যাপদের অনুকূলে। কিউই কাপ্তান সিদ্ধান্ত নিলেন ব্যাটিংয়ের। নির্ধারিত ওভারে ৭ উইকেট খুইয়ে প্রতিপক্ষকে টার্গেট দিলেন ২৫২ রানের৤ ৬ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শুভমান গিল আর রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং ভারতকে দেয় উড়ন্ত সূচনা। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। তার আগে অবশ্য আরেক ওপেনার শুভমান ৫০ বলে ৩১ রান করে বিদায় নেন। দলীয় সংগ্রহ তখন ১০৫ রান। শুভমানের বিদায়ে তিনে নামা কোলি ২ বলে ১ রানেই থামেন। এরপরই রোহিতের বিদায়।

১৮ রানে ৩ উইকেট নিয়ে কিউই শিবিরে খানিকটা স্বস্তি। তবে তা ক্ষণিকের। শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেলের চতুর্থ উইকেট জুটি পাল্টা চোখ রাঙায় নিউজিল্যান্ডকে। ব্যক্তিগত ৪৮ রানে (৬২ বল) ফেরেন শ্রেয়াস। এই জুটির সংগ্রহ ৬১ রান।
অক্ষর প্যাটেল আর হার্দিক পাণ্ডিয়ার পতনকে আমলে না নিয়ে হিসেবি খেলায় মাতেন লোকেশ রাহুল। তার হার না মানা ৩৪ রান ভারতকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।

এর আগে, ব্ল্যাক ক্যাপদের শুরুটাও মন্দ ছিল না। ইনফর্ম রাচিন রবীন্দ্র সতীর্থ উইল ইয়াংকে নিয়ে ভালোই চড়াও হয়েছিলেন ভারতীয় বোলারদের ওপর। পেসারদের সামলালেও স্পিন আক্রমণে নাজেহাল হন রাচিন। দুইবার জীবন পেলেও ইনিংসটা অবশ্য বেশি দূর টানতে পারেননি। ২৯ বলে ৩৭ করে কুলদীপ যাদবের গুগলিতে বিদায় নেন তিনি। তার আগেই অবশ্য অপর ওপেনার ইয়াং অষ্টম ওভারে ২৩ বলে ১৫ রান করে এলবি-র ফাঁদে পড়েন।

কুলদীপের দ্বিতীয় শিকারে পরিণত হওয়া উইলিয়ামসনের জন্য দিনটি মোটেই সুখের ছিল না। ফিরতি ক্যাচে আউট হওয়ার পথে ১৪ বলে করেছেন মাত্র ১১ রান, বড়ো ম্যাচের হিসেবে যা উইলিয়ামসনের সাথে একেবারেই যায় না। টম ল্যাথাম সবাইকে হতাশ করে ৩০ বলে ১৪ রান করে প্যাড খুলে রাখতে বাধ্য হলেন। ৪ উইকেটে ১০৮ রান, এমন বিপর্যয়ে ড্যারিল মিচেল ক্রিজে টিকে থাকার চেষ্টা করেন। গ্লেন ফিলিপস ৫২ বলে ৩৪ রান করে ফিরলে বাকীদের তাড়া ছিল ডাগ আউটে ফেরার। রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে মিচেল যখন ফেরেন তখনতার নামের পাশে ৬৩ রান। মিচেলের পর দলের হাল ধরা মাইকেল ব্রেসওয়েল ৪০ বলে হার না মানা ৫৩ রান করেন। তার দায়িত্বশীল ইনিংসেই লড়াই করার মত পুঁজি পায় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের রোহিত শর্মা আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ।
এনআরবি৩৬৫/কিউএএম/আরএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]